নির্বাচন ব্যবস্থাপনা: ইসিতে মাঠ প্রশাসনের ‘ব্রিফিং’ এগিয়ে আনা হল
আইন শৃঙ্খলাবাহিনী প্রধানদের সঙ্গে বৈঠকের পর এবার মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বসতে যাচ্ছে ইসি।
নির্বাচনি ব্যবস্থাপনা নিয়ে মাঠ প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ‘ব্রিফিং’ একদিন এগিয়ে এনেছে নির্বাচন কমিশন।
২৪ ডিসেম্বরের পরিবর্তে মঙ্গলবার সকালে ১০টায় নির্বাচন কমিশনের অডিটরিয়ামে এ বৈঠক হবে বলে ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক জানিয়েছেন।
রোববার আইন শৃঙ্খলাবাহিনী প্রধানদের সঙ্গে বৈঠকের পর এবার মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বসতে যাচ্ছে ইসি।
বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের এ বৈঠকে ডাকা হয়েছে। সিইসি এবং চার নির্বাচন কমিশনার উপস্থিত থাকবেন ব্রিফিংয়ে।
ইসি সচিবের সভাপতিত্বে নির্বাচন ব্যবস্থাপনা বিষয়ক এ সভায় থাকবেন মন্ত্রিপরিষদ বিভাগ সচিব শেখ আব্দুর রশীদ, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া, স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি, জনপ্রশাসন সচিব এহছানুল হক ও আইজিপি বাহারুল আলম।
১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ‘সুষ্ঠুভাবে’ সম্পন্ন করতে এই সভা ডাকার কথা বলেছে ইসি।
সংসদ ও গণভোটে ঢাকা ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, সব জেলা প্রশাসক ও তিনজন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রিটার্নিং অফিসারের দায়িত্ব পেয়েছেন।
ইসি কর্মকর্তারা জানান, ভোটের সার্বিক প্রস্তুতি, আচরণবিধি প্রতিপালন এবং আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতকরণসহ নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হবে সভায়।
পুরনো খবর
