১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

যুক্তরাষ্ট্র থেকে কেনা হচ্ছে আরও ২ লাখ ২০ হাজার টন গম

সম্পূরক শুল্কের চাপ সামলাতে মার্কিন পণ্য আমদানি বাড়ানোর পথে হাঁটে অন্তর্বর্তী সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2025, 10:42 PM

Updated : 26 Aug 2026, 05:14 PM

যুক্তরাষ্ট্র থেকে আরও ২ লাখ ২০ হাজার টন গম কিনছে বাংলাদেশ।

দুই দেশের মধ্যে সরাসরি (জিটুজি) ক্রয় চুক্তির আওতায় এই পরিমাণ গম কিনতে খরচ করতে হবে ৮৪২ কোটি ৬ লাখ ৩৩ হাজার ১০০ টাকা। প্রতি টনে খরচ পড়ছে ৩১২ দশমিক ২৫ ডলার।

মঙ্গলবার সরকার ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই গম কেনার সিদ্ধান্ত হয়েছে বলে অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বিভিন্ন দেশের পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপের সময় বাংলাদেশের পণ্যে ৩৫ শতাংশ সম্পূরক শুল্ক নির্ধারণ করে ডনাল্ড ট্রাম্প প্রশাসন। 

অতিরিক্ত শুল্ক থেকে বাঁচতে মার্কিন পণ্য আমদানিতে শুল্ক প্রত্যাহার ও কমানো এবং সেখান থেকে আমদানি বাড়ানোর পথে হাঁটে অন্তর্বর্তী সরকার।

যুক্তরাষ্ট্রের সম্পূরক শুল্কের চাপ সামাল দেওয়ার চেষ্টার মধ্যে জুলাই মাসে দেশটি থেকে বছরে ৭ লাখ টন গম আমদানির জন্য সমঝোতা স্মারকে সই করেছে বাংলাদেশ।

তারই ধারাবাহিকতায় সরকার এখন পর্যন্ত তিন চালানে দেশটি থেকে গম আমদানি করেছে।

তিনটি চালানে এসেছে মোট ১ লাখ ৭৮ হাজার ৬৩৬ টন গম দেশে।

সর্বশেষ গেল ১৬ নভেম্বর ৬০ হাজার ৮৭৫ টন গম নিয়ে যুক্তরাষ্ট্র থেকে একটি জাহাজ মোংলা বন্দরের বহি:নোঙরে এসে পৌঁছে।

তার আাগে ৩ নভেম্বর দ্বিতীয় চালানে ৬০ হাজার ৮০২ টন এবং ২৫ অক্টোবর প্রথম চালানে ৫৬ হাজার ৯৫৯ টন গম আসে যুক্তরাষ্ট্র থেকে।

ক্রয় কমিটির সভায় এদিন আরও কিছু সিদ্ধান্ত হয়েছে। সেগুলোর মধ্যে আছে-সংযুক্ত আরব আমিরাত থেকে তৃতীয় লটে ৪০ হাজার টন দানাদার ইউরিয়া সার আমদানি করা হবে।

স্থানীয় উন্মুক্ত দরপত্র (জাতীয়) পদ্ধতিতে কেনা হবে ৫০ লাখ লিটার সয়াবিন তেল।

একই পদ্ধতিতে ১ কোটি লিটার পরিশোধিত রাইস ব্র্যান তেল কেনার সুপারিশ করা হয় সভায়।

এছাড়াও মরক্কো থেকে ৪০ হাজার টন ডিএপি সার আমদানির কেনার বিষয়ে বৈঠকে সুপারিশ এসেছে।

এর বাইরে রহমতপুর-বাবুগঞ্জ-মুলাদি-হিজলা মহাসড়কে আড়িয়াল খাঁ নদীর ওপরে মীরগঞ্জ সেতু নির্মাণ কাজের ক্রয় প্রস্তাব বৈঠকে অনুমোদন করা হয়েছে।