এখন ষড়যন্ত্রের প্রতি সজাগ থাকার সময়: প্রধানমন্ত্রী
“এখন সময় হচ্ছে দেশ পুনর্গঠন করার, এখন সময় হচ্ছে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার,” বলেন তিনি।
দেশ পুনর্গঠনের পাশাপাশি ষড়যন্ত্রের প্রতি সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেছেন, “আসুন অনেক কথা হয়েছে, আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, তর্ক-বিতর্ক হয়েছে। এখন সময় হচ্ছে দেশ পুনর্গঠন করার, এখন সময় হচ্ছে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার।
“এখন সময় হচ্ছে ধৈর্য সহকারে ঠান্ডা মাথায় যারা ষড়যন্ত্র করতে চায়, তাদের ষড়যন্ত্রের প্রতি সজাগ দৃষ্টি রাখা, জনগণকে সতর্ক করা। ঠিক একইভাবে যেই পরিকল্পনা জনগণের সামনে দিয়েছি, জনগণের জন্য যা করতে চাইছি, দেশকে পুনর্গঠনের জন্য আমরা যা করতে চাইছি, সেগুলো ধীরে ধীরে বাস্তবায়ন করা।”
জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বছরপূর্তি উপলক্ষে মঙ্গলবার ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির আলোচনা সভায় একথা বলেন সরকারপ্রধান।
জনগণের আকাঙ্ক্ষার কথা তুলে ধরে তিনি বলেন, “জনগণ এখন চায় বলা কথাগুলো বাস্তবায়ন করি। জনগণ চায় রাস্তায় শান্তি, তার সন্তানের শিক্ষার ব্যবস্থা, তার জন্য চিকিৎসার ব্যবস্থা, নিরাপত্তা। জনগণ চায় যে তার কর্মসংস্থানের ব্যবস্থা অথবা যার যেটা যোগ্যতা সে অনুযায়ী ব্যবসা-বাণিজ্য, চাকরি বাকরি করবে; এটি হচ্ছে জনগণের চাওয়া।
“একইসঙ্গে জনগণ চায় তার যে রাজনৈতিক অধিকার, সেটি যাতে সময়মত প্রয়োগ করতে পারে।…আমার মনে হয় আপনারাও আমার সঙ্গে কমবেশি একমত হবেন। কাজেই আসুন জনগণ যেটি চায়, সেই কাজে নিজেদের নিয়োজিত করি।”
‘জুলাইয়ে ক্ষতিগ্রস্তদের সঙ্গে আছি’
জুলাই আন্দোলনের আত্মত্যাগকারীদের আত্মার মাগফেরাত কামনা করে প্রধানমন্ত্রী বলেন, “জুলাই আন্দোলনে আমার নিজের দলসহ অন্যান্য রাজনৈতিক দল যারা আমাদের সঙ্গে রাজপথে ছিলেন, তারাসহ নাম জানা না জানা অরাজনৈতিক বহু মানুষ জুলাই আন্দোলনে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমাদের পক্ষে যতটুকু সম্ভব হয়েছে, সরকারের পক্ষে যতটুকু সম্ভব হয়েছে এবং সামনের দিনে সকলের সরকারের সামর্থ্য অনুযায়ী যতটুকু সামর্থ্য অনুযায়ী সম্ভব হবে, পরিষ্কারভাবে আমি একটি কথা বলতে চাই, জুলাই আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন আমরা তাদের সঙ্গে আছি।
“আমাদের সাধ্যমত এই মানুষগুলোর পাশে থাকব, সাধ্যমত এই মানুষগুলোর ভেতরে যাদের চিকিৎসা প্রয়োজন, তাদের চিকিৎসার ব্যবস্থা করব, যাদের কর্মসংস্থানের প্রয়োজন ইনশাআল্লাহ তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করব।”
স্বাধীনতা যুদ্ধ ও বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনাও করেন প্রধানমন্ত্রী।
‘জুলাই চেতনা, স্বাধীনতার চেতনা যেটাই বলেন বিশ্বাস করি’
প্রধানমন্ত্রী বলেন, “…আমাদের জুলাই চেতনা বলেন, স্বাধীনতার চেতনা বলেন বা যেটাই বলেন, আমরা এটাতেই বিশ্বাস করি। কারণ আমি ছোটবেলা থেকে দেখে বড় হয়েছি যেটা, সেটা হচ্ছে যে শহীদ জিয়া এভাবেই চিন্তা করতেন দেশের মানুষের জন্য, খালেদা জিয়া এভাবেই চিন্তা করতেন দেশ ও দেশের মানুষের জন্য। স্বাভাবিক আমিও এভাবেই চিন্তা করব আমার দেশ এবং দেশের মানুষের জন্য।”
জুলাই আন্দোলনকে জনগণের আন্দোলন বলে মনে করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, “জনগণ পরিবর্তন চেয়েছিল বলেই সেই আন্দোলন সফলতা এসেছে। আমরা দেখেছি বিভিন্ন সময় মানুষকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন জন বিভিন্ন কথা বলেছে। আমরা আমাদের অবস্থান থেকে পরিষ্কারভাবে বলে দিয়েছি, এই জুলাই আন্দোলনের সফলতার কৃতিত্ব এই দেশের সর্বস্তরের জনগণের। এটি কোনো একক ব্যক্তি, একক কোনো রাজনৈতিক দলের কোনো কৃতিত্ব নয়।
“জুলাই অগাস্টে যে আন্দোলন, এটি ছিল সম্পূর্ণভাবে জনগণের আন্দোলন। জনগণ পরিবর্তন চেয়েছিল বলেই সেই আন্দোলন সফল হয়েছে। ঠিক যেভাবে ১৯৭১ সালে বাংলাদেশের জনগণ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র চেয়েছে বলে সেদিন আমাদের স্বাধীনতা অর্জন হয়েছিল।”
‘বিএনপি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার পথে ধরে রাখতে চায়’
তারেক রহমান বলেন, “জিয়াউর রহমান এ দেশের জন্য কাজ করেছেন। ১৯৯১ সাল থেকে ৯৬ সাল পর্যন্ত দেশে খালেদা জিয়ার সময় প্রায় ৮০ হাজার শিল্প কলকারখানা প্রতিষ্ঠিত হয়েছিল। কাজেই তাদের সেই দল তাদের সেই পথকেই ধরে রাখতে চায়। এই জন্য আমরা এমন কাজগুলো করতে চাই যে কাজগুলোর ফল জনগণ পাবে।”
তিনি বলেন, “বিএনপি এই কাজগুলো করেছে বলেই আমি, আমার পরিবার, আমার সন্তান, একটি নিশ্চিত সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের রাজনীতি এটাই হওয়া উচিত। অনেকে অনেক কথা বলবে, সবার সব কথা এত কান দেবার দরকার নেই। আসুন আমরা শপথ করেছি, এই দেশের মানুষের জন্য ডেলিভারি করার, এই দেশের মানুষের জন্য আমরা কাজ ডেলিভার করব।
“এখানে (অনুষ্ঠানে) যারা আছেন, বিভিন্নজন বিভিন্ন অত্যাচার নির্যাতনের ভেতর দিয়ে আপনারা গেছেন, বিভিন্নজন বিভিন্ন কিছু হারিয়েছেন জীবনে, আমি আমার বাড়িঘর সবকিছু হারিয়ে ফেলেছি। যেই বাড়ি রেখে আমি চলে গিয়েছিলাম, সেই বাড়ি তো আমি দেখিনি। সকলেই বহু মানুষ, বহু কিছু হারিয়েছি।”
দেশের জন্য কাজ করার প্রত্যাশা ব্যক্ত করে সরকারপ্রধান বলেন, “আসুন এখন বোধহয় আমাদের মাইন্ডসেট পরিবর্তনের সময় চলে এসেছে, পরিস্থিতি চলে এসেছে। জনগণ আপনাদের পক্ষে রায় দিয়েছে, এখন সকলের দায়িত্ব হচ্ছে জনগণের সেই দেওয়া দায়িত্বটি সঠিকভাবে পালন করা, সঠিকভাবে সততার সঙ্গে পালন করা।
“আমরা কী পাব সেটি বড় কথা নয়। আমরা কী দিতে পারব দেশ এবং জনগণের জন্য সেটিই হোক এই জুলাইয়ের, আজকের এই আলোচনা সভার শপথ, এটি হোক আমাদের প্রতিজ্ঞা।”
বিএনপির ৩১ দফা পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আমি মনে করি ৩১ দফাটা হচ্ছে জনগণের ৩১ দফা। এখন জুলাই আন্দোলন সফল হয়েছে, জনগণের কাঙ্ক্ষিত সেই গণতান্ত্রিক অধিকারও সফলতার পথ ধরে এতদূর পর্যন্ত এসেছে। আমাদের ৩১ দফার মূল লক্ষ্য হচ্ছে জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক যে অধিকার সেটিকে প্রতিষ্ঠিত করা।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকুর সঞ্চালনায় আলোচনা সভায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান, জাতীয় পার্টি (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণফোরামের সভাপতি সুব্রত চৌধুরী, বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকি, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মুফতি মহিউদ্দিন ইকরাম ও ভাসানী জনশক্তি পার্টির সভাপতি শেখ রফিকুল ইসলাম বাবলু উপস্থিত ছিলেন।
এ ছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমদ, সেলিমা রহমান, এজেডএম জাহিদ হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ কেন্দ্রীয় নেতারাও সভায় উপস্থিত ছিলেন।
