হাদি হত্যা: আসামিকে আদালতে তুলতে দেরি, ব্যাখা তলব
“আসামিকে কি পার্লার থেকে সাজিয়ে আনছেন?এসব বাজে অভ্যাস বাদ দেন," বলেন বিচারক।
ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদি হত্যা মামলার আসামি আমিনুল ইসলাম রাজুকে কাঠগড়ায় তুলতে দেরি করায় তদন্ত কর্মকর্তার কাছে ব্যাখা চেয়েছে আদালত।
আগামী ১৫ কার্যদিবসের মধ্যে এ ব্যাখ্যা দিতে হবে।
এ বিষয়ে প্রসিকিউশন পুলিশের কর্মকর্তা এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানার ইনচার্জকে শোকজও করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জুনাইদ এসব আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী কাইয়ুম হোসেন নয়ন এসব তথ্য নিশ্চিত করেন।
হাদি হত্যা মামলার মূল আসামি ফয়সাল করিম মাসুদকে সীমান্তে আত্মগোপনে সহায়তা করার অভিযোগে রাজুকে দুপুর দেড়টার দিকে মিরপুর-১১ থেকে গ্রেপ্তার করা হয়।
সন্ধ্যায় তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের মতিঝিল জোনাল টিমের ইন্সপেক্টর ফয়সাল আহমেদ।
আবেদনে বলা হয়, হাদিকে গুলির ঘটনার পর বিকাল ৩টার দিকে রাজু তার এক আত্মীয়ের মাধ্যমে আরেক পলাতক আসামি ফিলিপের সঙ্গে যোগাযোগ করেন। মূল আসামি ফয়সাল করিম মাসুদকে সীমান্ত এলাকায় আত্মগোপনে সহায়তা করে তিনি।
হত্যাকাণ্ডে জড়িতদের আত্মগোপনে সহায়তাকারীদের অর্থ দেওয়ার ক্ষেত্রে তার সরাসরি যুক্ত থাকার তথ্য পাওয়ার কথাও বলা হয় আবেদনে।
এদিন সন্ধ্যা সোয়া ৬টার দিকে আমিনুল ইসলাম রাজুকে এজলাসে তোলা হয়।
রাষ্ট্র পক্ষে সহকারি পাবলিক প্রসিকিউটর (এপিপি) কাইয়ুম হোসেন নয়ন রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন।
তিনি বলেন,"এ আসামি মূল আসামি ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তা করেছে। তার সঙ্গে পলাতক আরেক আসামি ফিলিপের ফোনে কথা হয়। যে মোবাইলে কথা বলেছে, সেটি জব্দ করা হয়েছে। তিনি মেসেজের মাধ্যমে ফয়সালের পালিয়ে যাওয়ার তথ্য দিয়ে পরিস্থিতি ঘোলাটে করে দেন, যেন ফয়সাল দেশে থাকলেও তাকে গ্রেপ্তার না করা যায়। এসমস্ত ব্যাপারে তথ্য উদঘাটনের জন্য এ আসামির সর্বোচ্চ রিমান্ড চাই।"
আদালত এ আসামির হত্যার সংশ্লিষ্টতার বিষয়ে তদন্ত কর্মকর্তার কাছে জানতে চান।
তদন্ত কর্মকর্তা ফয়সাল আহমেদ আদালতকে বলেন, "এ আসামি হত্যার ঘটনায় অর্থ সহায়তা করছেন।"
আদালত জানতে চান, “কীভাবে বুঝলেন যে এ আসামি অর্থ সহায়তা করেছে?”
জবাবে তদন্ত কর্মকর্তা বলেন, “তার সঙ্গে অন্যান্য আসামির বিভিন্ন ধরনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে । এজন্য তার ১০ দিনের রিমান্ড প্রয়োজন।”
তবে রাজুকে বিলম্ব করে আদালতে আনায় তদন্ত কর্মকর্তা, সিএমএম আদালতের হাজতখানার ইনচার্জ এবং প্রসিকিউশন বিভাগের এসআইয়ের কাছে জবাব চান বিচারক।
তিনি বলেন, "আসামিকে গ্রেপ্তারের এতো পরে কেন নিয়ে এলেন। আসামিকে কি পার্লারে নিয়ে সাজিয়ে আনছেন?এসব ব্যাড প্রাকটিস বাদ দেন"।
শুনানি শেষে আদালত আসামিকে বিলম্বে আদালতে হাজির করার কারণ জানতে চান এবং ১৫ কার্যদিবসের মধ্যে ব্যাখা দিতে বলেন।
এদিন আমিনুল ইসলাম রাজুকে পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেওয়া হয়।
জুলাই অভ্যুত্থান এবং আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের মধ্য দিয়ে পরিচিতি পাওয়া হাদি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত শুক্রবার গণসংযোগের জন্য বিজয়নগর এলাকায় গিয়ে তিনি আক্রান্ত হন।
চলন্ত রিকশায় থাকা হাদিকে গুলি করেন চলন্ত মোটরসাইকেলের পেছনে বসে থাকা আততায়ী। গুলিটি লাগে হাদির মাথায়।
গুরুতর আহত হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে অস্ত্রোপচার করার পর রাতেই তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
সোমবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে হাদিকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে বৃহস্পতিবার মারা যান তিনি।
গত ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে হত্যাচেষ্টার মামলা করেন। পরে সেটা হত্যা মামলা হয়ে যায়।
এ মামলায় ১০ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তারা হলেন- ফয়সালের বাবা মো. হুমায়ুন কবির ও মা মোসা. হাসি বেগম, ফয়সালের স্ত্রী সাহেদা পারভীন সামিয়া, বান্ধবী মারিয়া আক্তার লিমা ও শ্যালক ওয়াহিদ আহমেদ সিপু, রেন্ট-এ কার ব্যবসায়ী মুফতি মো. নুরুজ্জামান নোমানী ওরফে উজ্জ্বল, ফয়সালের সহযোগী মো. কবির।
এদের বাইরে আমিনুল ইসলাম রাজু, সিবিউন দিউ ও সঞ্জয় চিসিম নামে তিনজনকে ধরা হয় ফয়সালকে পালাতে সহায়তা করার অভিযোগে।
