প্রথম আলো ও ডেইলি স্টারে হামলায় সুপ্রিম কোর্ট সাংবাদিকদের নিন্দা
সাংবাদিক নূরুল কবীরকে হেনস্থা ও নাজেহালেরও নিন্দা জানায় এসআরএফ।
ইনকিলাব মঞ্চের নেতা মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর খবরের পর দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলায় নিন্দা জানিয়েছে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম—এসআরএফ।
রোববার ফোরামের সভাপতি মাসউদুর রহমান ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান ডালিম এক বিবৃতিতে এ নিন্দা জানান।
বিবৃতিতে তারা এ হত্যাকাণ্ডের সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর জানান।
তারা বলেন, সংবাদমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম প্রধান ভিত্তি। গণমাধ্যমের কণ্ঠ রুদ্ধ করতে সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন, হামলা কিংবা হেনস্তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের কর্মকাণ্ড গণমাধ্যমের স্বাধীনতা, মতপ্রকাশের সাংবিধানিক অধিকার ও আইনের শাসনের সম্পূর্ণ পরিপন্থি।
বিবৃতিতে তারা সাংবাদিক নূরুল কবীরকে হেনস্থা ও নাজেহালেরও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
গত বৃহস্পতিবার রাতে একদল লোক প্রথমে দৈনিক প্রথম আলো, তারপর ডেইলি স্টার কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় পত্রিকা দুটির অনেক সাংবাদিক ভবনের ভেতর আটকা পড়েন। কয়েক ঘণ্টার আগুনে পত্রিকা দুটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
