২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাইব্যুনাল আইনে ন্যায়বিচার ‘সীমাবদ্ধ’ হয়ে গেছে: হাসিনার আইনজীবী

“এ আইনে বিচার মানে হাত-পা বেঁধে নদীতে ফেলে দিয়ে আসামিকে সাঁতার কাটতে বলা,” বলেন তিনি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2025, 12:01 AM

Updated : 26 Aug 2026, 02:31 PM

ন্যায় বিচারকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সীমাবদ্ধ করে ফেলেছে বলে মনে করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন। 

জুলাই অভ্যুত্থানের সময়কার মানবতাবিরোধী অপরাধের মামলায় সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুক্তিতর্কে তিনি এমন মনোভাব তুলে ধরেন।

মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের নাম রয়েছে। 

তিন আসামির মধ্যে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল পলাতক। চৌধুরী আবদুল্লাহ আল-মামুন রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন। 

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১  এ শেখ হাসিনার এই মামলার বিচার চলছে। অপর  দুই বিচারক হলেন মো. শফিউল আলম মাহমুদ এবং মো. মোহিতুল হক এনাম চৌধুরী। 

বৃহস্পতিবার প্রসিকিউশন যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে। সোমবার আসামিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন আমির হোসেন। 

এদিন সকালে যুক্তিতর্কের শুরুতে আমির হোসেন বলেন, কয়েক দিন আগে তিনি জামায়াতে ইসলামীর সাবেক নেতা মীর কাসেম আলীর ছেলে ব্যারিস্টার আহমাদ বিন কাসেম আরমানের একটি ভিডিও দেখেছেন। এটি মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় মীর কাসেম আলীর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলাকালে দেওয়া আরমানের একটি সাক্ষাৎকার।

আমির হোসেনের ভাষ্য, ভিডিওটিতে আরমান তার বাবার বিচার চলাকালে আন্তর্জাতিক অপরাধ আইন ১৯৭৩ এর সমালোচনা করেছেন। তিনি বলেছেন, এই আইনে সাক্ষ্য আইনের সঠিক ব্যবহার করা যায় না; ব্যাপক সীমাবদ্ধতা রয়েছে; ন্যায়বিচার বিঘ্নিত হচ্ছে। 

আরমানের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে আমির হোসেন বলেন, এই আইনে মূল এভিডেন্স অ্যাক্ট প্রয়োগের কোনো সুযোগ নেই। সিআরপিসিও এ আইনে গ্রহণ করা যায় না। এ আইনে বিচার মানে, হাত-পা বেঁধে নদীতে ফেলে দিয়ে আসামিকে বলা হবে ‘এখন সাঁতার কাটো’। 

আমির হোসেন বলেন, জুলাই আন্দোলনে বলা হচ্ছে ১৫০০ জন নিহত এবং ২৫০০ আহত হয়েছেন। কিন্তু একমাত্র আবু সাঈদ ছাড়া কোনো আন্দোলনকারী নিহত হয়নি। 

এ সময় ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলেন, “১৯৭১ সালেও কোনো নেতা নিহত হননি।” 

এর জবাবে আমির হোসেন বলেন, “কীভাবে নিহত হবেন? তারা তো ভারতে ছিলেন।”

শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের ‘কমান্ড রেসপনসিবিলিটির’ অভিযোগের পরিপ্রেক্ষিতে আমির হোসেন বলেন, যদি ২০২৪ সালের জুলাই আন্দোলনকে বৈধও ধরে নেওয়া হয়, সেই আন্দোলনকেও নিয়ন্ত্রণ করার দায়িত্ব রাষ্ট্রের রয়েছে। 

৫২ জেলায় হত্যার ঘটনা ঘটেছে– প্রসিকিউশনের এমন দাবির পরিপ্রেক্ষিতে আমির হোসেন বলেন, “৫২টি জেলায় আন্দোলন করেছেন, কিন্তু তিনি (প্রসিকিউশন) সাক্ষী এনেছেন ১৫ থেকে ২০টি জেলার। ৫২ জেলায় টার্গেটেড হত্যাকাণ্ড হয়েছে, এটি সঠিক নয়।”

এ সময় ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলেন, “ওয়াইডস্প্রেড হত্যাকাণ্ডের কথা বলা হয়েছে। ওয়াইডস্প্রেড কিলিং ঢাকায়ও হতে পারে।”       

কোটা সংস্কারের আন্দোলনের সময় আপিল বিভাগে মামলা বিচারাধীন ছিল মন্তব্য করে আমির হোসেন বলেন, “প্রশাসন ইচ্ছা করলে বিচার বিভাগের ওপর হস্তক্ষেপ করতে পারেন না।”

এর জবাবে চেয়ারম্যান বলেন, “একদিনের মধ্যেও হিয়ারিং (মামলার শুনানি) করা যায়। রাষ্ট্রের হাতে অনেক সুইচ আছে, সেগুলো বন্ধও রাখতে পারে, ব্যবহারও করতে পারে।”

আন্দোলনকারী ছাত্র-জনতা শেখ হাসিনার বক্তব্যকে ভুল বুঝেছেন দাবি করে আমির হোসেন বলেন, “হাসিনা ছাত্রদের রাজাকারের নাতিপুতি বলেননি। এটা আমি সাক্ষীদের জেরার সময় জিজ্ঞেস করেছি। তারা সবাই বলেছেন, কেউ রাজাকারের নাতিপুতি নন।”

এ পর্যায়ে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলেন, “রাজাকার একটি গালি। গত ৫৪ বছর ধরে রাজাকার একটি গালি হিসেবে ব্যবহার হয়ে আসছে।”

এ সময় বঙ্গবন্ধুর সময়ে রক্ষীবাহিনী গঠনের প্রেক্ষাপট বিবেচনার সুযোগ নেই বলে মনে করেন আমির হোসেন। তিনি বলেন, এরপরের সরকার এসে তা বিবেচনায় এনে ব্যবস্থা নিতে পারত। জিয়াউর রহমান সাহেবের সময় যেমন তিনি বঙ্গবন্ধু হত্যার আসামিদের ইন্ডেমনিটি দিয়েছিলেন, যেটা শেখ হাসিনা বাতিল করে হত্যাকারীদের বিচার করেছিলেন। 

প্রসিকিউশনের যুক্তিতর্কের পটভূমিতে ১৯৭৩ সালে নির্বাচনে কারচুপির কথা প্রসঙ্গে আমির হোসেন বলেন, এখানে জোর করে জলিলকে হারানোর কথা বলা হয়েছে। ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। 

এ সময় চেয়ারম্যান বলেন, “জলিলের আসন ছাড়াও আওয়ামী লীগ জিততে পারত।”

আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলা প্রসঙ্গে আইনজীবী আমির বলেন, “আওয়মী লীগ সম্পর্কে দুঃশাসন এবং ফ্যাসিবাদ একদম মেনে নিতে পারছি না। প্রত্যেক পরিবারের প্রধান চায় অন্য সদস্যরা ভালো থাকুক। আওয়ামী লীগের ১৫ বছরের শাসন উন্নয়নের মহাসোপানের সময়। কর্ণফুলী টানেল, পদ্মাসেতু, মেট্রোরেল, এক্সপ্রেসওয়ে প্রভৃতি সুশাসন না হলে সুশাসন কী?”

এ প্রসঙ্গে তিনি বলেন, “রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ভুলত্রুটি থাকতে পারে। সেগুলো মেনে নিয়ে এগিয়ে যেতে হবে। পৃথিবীর শুরু থেকে এগুলো হয়ে আসছে। ইরানের খামেনি, মালয়েশিয়ার মাহথির মোহাম্মদ করেছেন। শুধু বেঠিকটাকে প্রাধান্য দেবেন, সঠিকটাকে দেবন না– তা তো হবে না।”

শেখ হাসিনা নিজের লোককে নির্বাচন কমিশনার নিয়োগ করেছেন – প্রসিকিউশনের এ বক্তব্যের জবাবে হাসিনার আইনজীবী বলেন, “কোন সরকার নিজের লোককে নির্বাচন কমিশনার নিয়োগ করেননি? শেখ হাসিনাও তাই করেছেন। এতে দোষ কী?” 

একতরফা নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “কেউ নির্বাচনে না এলে তো একতরফা নির্বাচন হবেই।”

বিডিআর হত্যাকাণ্ড সম্পর্কে আমির হোসেন বলেন, “বাংলাদেশের সেনাকে শেখ হাসিনা মেরে ফেলবেন, সে আমি মানি না। এটা হলে শেখ হাসিনা এই বাহিনীর জন্য এতকিছু করতেন না। তিনি তো এদের বিচার করেছেন।”

শাপলা চত্বরে হত্যাকাণ্ড সম্পর্কে আমির হোসেন বলেন, “হেফাজতে ইসলাম ঢাকায় এসেছে। পল্টন বায়তুল মোকাররম এলাকায় তাণ্ডব চালিয়েছে। বড় বড় গাছ কেটেছে। তারা যেন রাষ্ট্রের ক্ষতি করতে না পারে, সেজন্য সাউন্ড গ্রেনেড ছোড়া হয়েছে। 

শাপলা চত্বরে ৩০ জন মারা যাওয়া প্রসঙ্গে প্রসিকিউশনের বক্তব্যের জবাবে তিনি বলেন, আসলে ৩০ জন মারা গিয়েছে কিনা, তা তিনি নিশ্চিত নন। 

এস সময় ট্রাইব্যুনাল বলেন, ইংল্যান্ডের দ্য গার্ডিয়ানসহ কয়েকটি পত্রিকায় এ ব্যাপারে রিপোর্ট হয়েছে। 

আমির হোসেন বলেন, “সত্য হলে একটিই সত্য, আর সত্য না হলে ১০টি রিপোর্টও সত্য হবে না।”

শেখ হাসিনার আমলের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সম্পর্কে প্রসিকিউশনের বক্তব্যের জবাবে তিনি বলেন, “এ ব্যাপারে কোনো প্রমাণ রাষ্ট্রপক্ষ দাখিল করেনি। নারায়ণগঞ্জের সাত খুনের কঠিন বিচার হয়েছে। আবরার, বিশ্বজিৎ, সাত খুন – সবগুলো তার দলের লোক। তাদের বিচার হয়েছে। রাষ্ট্রপক্ষের অভিযোগ সঠিক নয়।”

বিচারপতি এ বি এম খায়রুল হক এবং এস কে সিনহার মাধ্যমে বিচার বিভাগকে ব্যবহার করার বিষয়ে তিনি বলেন, “খায়রুল হক এবং এস কে সিনহার মাধ্যমে বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করেননি। বিচার বিভাগ স্বাধীন। শেখ হাসনা তাদের নিয়োগ দিয়েছেন। তাদের দুর্নীতির জন্য শেখ হাসিনা দায়ী নন।”

আমির হোসেন শারীরিক অসুস্থ হওয়ায় মঙ্গলবার যুক্তিতর্ক মুলতবি রাখার আবেদন করেছিলেন। সেই পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল মঙ্গলবার অর্ধবেলা পর্যন্ত মুলতবি রেখে দুপুরের পর পরবর্তী যুক্তিতর্কের সময় রেখেছে।