Published : 03 Jun 2026, 10:12 PM
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদের নির্বাচনে বাংলাদেশের মনোনীত প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বিজয়ে ‘সন্তোষ, গর্ব ও স্বস্তি’ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
বুধবার এক অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি এই গৌরবময় অর্জনের জন্য সরকার, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, কূটনীতিকবৃন্দ এবং দেশের জনগণকে আন্তরিক অভিনন্দন জানান।
তিনি বলেন, “এ সাফল্য বাংলাদেশের কূটনৈতিক দক্ষতা, আন্তর্জাতিক অঙ্গনে দেশের ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতা এবং বহুপক্ষীয় সহযোগিতার প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকারের স্বীকৃতি।”
জাতিসংঘের যেসব সদস্য দেশ বাংলাদেশের প্রতি পূর্ণ আস্থা ও সমর্থন প্রদর্শন করেছে, তাদের প্রতিও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন রাষ্ট্রপতি।
তিনি আশা প্রকাশ করেন, খলিলুর রহমানের নেতৃত্বে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন বিশ্ব শান্তি, টেকসই উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা এবং বহুপাক্ষিকতাকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রাষ্ট্রপতি বলেন, “এ অর্জন আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের মর্যাদা, গ্রহণযোগ্যতা ও প্রভাবকে আরও সুদৃঢ় করবে এবং দেশের জন্য নতুন নতুন সুযোগের দ্বার উন্মোচন করবে।”
সদস্য দেশগুলোর ভোটে মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিস।
১৯৩ সদস্য দেশের মধ্যে ১৯০ দেশ ওই ভোটে অংশ নেয়। খলিলুর রহমান ৯৯ এবং কাকোরিস ৯১ ভোট পেয়েছেন।