সময়ের আগে ‘হ্যাঁ’ ভোটের প্রচার, নাহিদ ও পাটওয়ারীকে শোকজ
নাহিদ ইসলাম ঢাকা-১১ ও নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা-৮ আসনে জামায়াত জোটের প্রার্থী।
ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী প্রচার শুরু সময় আসার আগেই গণভোটে ‘হ্যা’ এর পক্ষে প্রচারে নামায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে তার কারণ জানাতে নোটিস দিয়েছেন রিটার্নিং অফিসার।
নাহিদ ইসলাম ঢাকা-১১ ও নাসীরুদ্দীন ঢাকা-৮ আসনে জামায়াত জোটের প্রার্থী।
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে সোমবার নিজে বা প্রতিনিধির মাধ্যমে তাদেরকে লিখিত জবাব দিতে রোববার আলাদাভাবে নোটিস দেওয়া হয়েছে।
সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুর রহমান বলেছেন, এনসিপির দুই প্রার্থী ছাড়াও ঢাকা-১২ আসনের লেবার পার্টির মোস্তাফিজুর রহমানকেও শোকজ নোটিস পাঠিয়েছেন রিটার্নিং অফিসার ও ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী।
এনসিপি আহ্বায়কের কাছে পাঠানো শোকজ নোটিসে বলা হয়েছে, ঢাকা-১১ আসনের একাধিক গুরুত্বপূর্ণ স্থানে নাহিদ ইসলামের বিশাল আকৃতির রঙিন ছবিসহ ‘দেশ সংস্কারের গণভোট হ্যাঁ এর পক্ষে থাকুন’ স্লোগান সম্বলিত বিলবোর্ড রিটার্নিং অফিসারের দৃষ্টিগোচর হয়েছে, যা জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালার পরিপন্থি।
আচরণবিধি অনুযায়ী দলীয় প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তার পক্ষে অন্য কোনো ব্যক্তি ভোটের নির্ধারিত দিনের তিন সপ্তাহ সময়ের পূর্বে কোনো প্রকার নির্বাচনি প্রচার শুরু করতে পারবেন না।
সেক্ষেত্রে ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর ২২ জানুয়ারি থেকে প্রচারণার সময় শুরু হবে।
নোটিসে বলা হয়, “উপরন্তু নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের দায়ে আপনার বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে ১৯ জানুয়ারি ১১টার মধ্যে আপনি নিজে বা আপনার প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিত জবাব রিটার্নিং অফিসারের কার্যালয়ে দাখিলের জন্য অনুরোধ করা হল।”
ঢাকা-৮ আসনের বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থানে নাসীরুদ্দীন পাটওয়ারী ‘বিশাল আকৃতির রঙিন ছবি’, ‘সংসদ সদস্য প্রার্থী’ এবং ‘গণভোটকে হ্যাঁ বলি’ স্লোগান সম্বলিত বিলবোর্ড রিটার্নিং অফিসারের দৃষ্টিগোচর হয়েছে; যা আচরণবিধির পরিপন্থি।
নির্বাচনি এলাকার সমস্ত বিলবোর্ড অপসারণ করার নির্দেশ দেওয়া হয়েছে।
পাশাপাশি আচরণবিধি লঙ্ঘনের দায়ে কেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না, সোমবার বেলা ১১টার মধ্যে নাসীরুদ্দীনকে সশরীরে বা প্রতিনিধির মাধ্যমে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিতভাবে জানাতে বলা হয়েছে।
এছাড়া লেবার পার্টির চেয়ারম্যানের কাছে পাঠানো নোটিসে বলা হয়, নয়াপল্টনে নির্বাহী হাকিম মুস্তাফিজুর রহমানের পোস্টার পেয়ে ১২ জানুয়ারি মৌখিকভাবে সতর্ক করেন। এরপরও ১৭ জানুয়ারি ছবিসহ পোস্টার বিভিন্ন দেওয়ালে ও পিলারে রয়েছে। সোমবার ১০টার মধ্যে এসব পোস্টার অপসারণ ও লিখিত জবাব সেগুন বাগিচায় রিটার্নিং অফিসারের কার্যালয়ে দেওয়ার জন্য বলা হয়েছে।
