১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কোটা আন্দোলনের আরেক সমন্বয়ক নুসরাত গোয়েন্দা হেফাজতে

পুলিশ কর্মকর্তা মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, “নিরাপত্তার স্বার্থে তাদেরকে ডিবির হেফাজতে আনা হয়েছে। পরিবারকে অনুরোধ করব, দুশ্চিন্তা করার মতো কিছু নেই।”

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2024, 08:05 PM

Updated : 26 Aug 2026, 10:06 AM

কোটা সংস্কার আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরও এক সমন্বয়ক নুসরাত তাবাসসুমকে হেফাজতে নিয়েছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। 

এ নিয়ে আন্দোলনের ছয় জন সমন্বয়ককে ডিবি হেফাজতে নেওয়া হলো। তাদের সবাই ঢকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

রোববার ভোরে রাজধানীর মিরপুরের রূপনগর আবাসিক এলাকার এক আত্মীয়ের বাসা থেকে নুসরাতকে ডিবি পরিচয়ে তুলে নেওয়া হয় বলে অভিযোগ করেছেন আন্দোলনকারীদের সহ-সমন্বয়ক রিফাত রশীদ।

পরে বিষয়টি স্বীকার দুপুরে এক ব্রিফিংয়ে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, “নিরাপত্তার স্বার্থে তাদেরকে ডিবির হেফাজতে আনা হয়েছে। পরিবারকে অনুরোধ করব, দুশ্চিন্তা করার মতো কিছু নেই। তাদের সেফটি ও সিকিউরিটি আমরা দেখছি।”

নুসরাত তাবাসসুম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের আবাসিক শিক্ষার্থী তিনি। 

এর আগে শুক্রবার বিকালে গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে আন্দোলনের তিন সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকেরকে নিয়ে যাওয়া হয় গোয়েন্দা হেফাজতে। এরপর শনিবার সন্ধ্যায় আরও দুই সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহকে হেফাজতে নেয় ডিবি। 

এদিকে ডিবি হেফাজতে নেওয়া শিক্ষার্থীদের গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেছেন, পুলিশ যদি মনে করে তারা ঝুঁকিমুক্ত, তখনই তাদের ছেড়ে দেওয়া হবে।