২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রযোজকের টাকা হাতিয়ে নেওয়ার মামলায় গ্রেপ্তার ফারুক রিমান্ডে

সরকারি প্রকল্পে কাজ পাইয়ে দেওয়ার নামে ৫০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করেন এক প্রযোজক।

প্রযোজকের টাকা হাতিয়ে নেওয়ার মামলায় গ্রেপ্তার ফারুক রিমান্ডে
আদালতে মোহাম্মদ হোসেন ফারুক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2025, 08:53 PM

Updated : 26 Aug 2026, 02:14 PM

জুলাই আন্দোলনের প্রামাণ্যচিত্র নির্মাণে ‘১০০ কোটি টাকার কাজ’ পাইয়ে দেওয়ার কথা বলে এক নাট্য প্রযোজকের ৫০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার মামলায় গ্রেপ্তার মোহাম্মদ হোসেন ফারুককে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।

বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. জিয়াদুর রহমান তার তিন দিন রিমান্ডের আদেশ দিয়েছেন।

আদালতের প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন বলেন, তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই মো. হারুনুর রশিদ তার সাত দিন রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামির পক্ষে আইনজীবী আহসানুল হক চৌধুরী রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি নিয়ে পরে আদেশ দেন বিচারক।

বুধবার ধানমন্ডি এলাকা থেকে ফারুককে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে গুলশান থানায় গত ১ সেপ্টেম্বর প্রযোজক মীর ফখরুদ্দিন ওরফে ছোটন মামলা করেন।

এজাহারে অভিযোগ করা হয়, ব্যবসার সূত্রে মোহাম্মদ হোসেন ফারুকের সঙ্গে নাট্য প্রযোজক মীর ফখরুদ্দিন ওরফে ছোটনের পরিচয় হয়। ২০২৪ সালের নভেম্বরের শুরুর দিকে ফারুক প্রযোজক ছোটনকে সরকারি ডকুমেন্টারি প্রকল্পের ১০০ কোটি টাকার কাজ পাইয়ে দেওয়ার কথা বলেন। সরকারের ‘উপদেষ্টা ও এনসিপি নেতাদের সঙ্গে’ ঘনিষ্ঠ সম্পর্ক থাকার কথা ছোটনকে বলে ফারুক। তাদের সঙ্গে ছবিও দেখান। কাজ পেলে লাভের অংশ হিসেবে ২ কোটি টাকা নেতাদের দেওয়ার কথা বলেন তিনি। এর জন্য আগে ৫০ লাখ টাকা দিতে বলেন।

অভিযোগে আরও বলা হয়, ফারুকের কথায় ২০২৪ সালের ১৯ নভেম্বর তাকে ৫০ লাখ টাকা দেন ছোটন। পরবর্তীতে কাজ পাওয়ার জন্য বারবার মোবাইল ফোনে কল দিলেও ফারুক ধরেননি। গত ১৩ অগাস্ট টাকা চাইলে উল্টো ‘মেরে ফেলার হুমকি দেন’। এরপর গত ২৫ অগাস্ট গুলশান থানায় মামলা করেন ছোটন।