২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ভারতে থেকে বাংলাদেশে সন্ত্রাস’: ঢাকার বক্তব্য ‘প্রত্যাখ্যান’ দিল্লির

“বাংলাদেশের বন্ধুপ্রতীম জনগণের স্বার্থের প্রতি বিরূপ হয় এমন কোনো কর্মকাণ্ডে নিজের ভূখণ্ড ব্যবহারের সুযোগ ভারত কখনও দেয় না,” বিবৃতিতে বলা হয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2025, 06:38 PM

Updated : 26 Aug 2026, 05:19 PM

ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগ সদস্যরা বাংলাদেশে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ চালাচ্ছে বলে ঢাকায় ভারতীয় হাই কমিশনারকে ডেকে যে অভিযোগ করা হয়েছে, সেটা ‘দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান’ করেছে দিল্লি।

রোববার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানানো হয়। তবে এতে ঢাকায় ভারতীয় হাই কমিশনারকে তলবের কথা বলা হয়নি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ১৪ ডিসেম্বর ২০২৫ সালে এক প্রেস নোটে যে বক্তব্য দিয়েছে, তা ভারত দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান করছে।”

এর আগে রোববার ঢাকায় ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এসময় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির উপর গুলিবর্ষণকারীদের গ্রেপ্তারে ভারতকে সহযোগিতার আহ্বান জানানো হয়।

ভারতে অবস্থান করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর আহ্বান জানিয়ে’ যে বক্তব্য দিয়েছেন তা নিয়ে ‘গুরুতর উদ্বেগ’ জানানোর কথাও হাই কমিশনারের কাছে তুলে ধরা হয় বলে পরে পররাষ্ট্র মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বলেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “রাজনৈতিক নেতা শরীফ ওসমান হাদিকে সাম্প্রতিক হত্যাচেষ্টার ঘটনায় সন্দেহভাজনদের ভারতে পালানো ঠেকাতে দেশটির সহযোগিতা চেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আর যদি তারা ইতোমধ্যে ভারতে প্রবেশ করে, তাহলে যেন দ্রুত গ্রেপ্তার এবং বাংলাদেশের কাছে প্রত্যর্পণ করা হয়।”

পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, “বাংলাদেশে আসন্ন নির্বাচন ঠেকানোর জন্য সমর্থকদের সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর আহ্বান জানিয়ে পলাতক শেখ হাসিনা অব্যাহতভাবে যেসব বিস্ফোরক বক্তব্য দিয়ে যাচ্ছেন, সে বিষয়ে বাংলাদেশের গুরুতর উদ্বেগ জানাতে ভারতীয় হাই কমিশনারকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

“শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে দ্রুততার সঙ্গে বাংলাদেশের আইনি কর্তৃপক্ষের কাছে প্রত্যর্পণের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ।”

বিজ্ঞপ্তিতে বলা হয়, “আসন্ন নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর পরিকল্পনা, সংগঠন এবং তা বাস্তবায়নে সহযোগিতাসহ ভারতে বসে আওয়ামী লীগের পলাতক সদস্যরা যেসব বাংলাদেশবিরোধী কর্মকাণ্ড চালাচ্ছে, পররাষ্ট্র মন্ত্রণালয় তা হাই কমিশনারের নজরে এনেছে।

“এসব ফ্যাসিস্ট সন্ত্রাসীদের অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে দ্রুত পদক্ষেপ নিতে এবং তাদেরকে যত দ্রুত সম্ভব বাংলাদেশের কাছে প্রত্যর্পণের আহ্বান ভারত সরকারের কাছে জানানো হয়েছে।”

পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “মন্ত্রণালয় গুরুত্ব দিয়ে বলেছে, ন্যায়বিচার সমুন্নত রাখা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার সুরক্ষার ক্ষেত্রে ভারত প্রতিবেশী হিসেবে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়াবে, এমনটাই প্রত্যাশিত।”

বাংলাদেশ সরকারের এসব বক্তব্য প্রত্যাখ্যান করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, “বাংলাদেশের শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত একটি অবাধ, নিরপেক্ষ, অন্তর্ভূক্তিমূলক এবং বিশ্বাসযোগ্য নির্বাচনের স্বপক্ষে আমরা আমাদের অবস্থান অব্যাহতভাবে পুনর্ব্যক্ত করেছি।

“বাংলাদেশের বন্ধুপ্রতীম জনগণের স্বার্থের প্রতি বিরূপ হয় এমন কোনো কর্মকাণ্ডে নিজের ভূখণ্ড ব্যবহারের সুযোগ ভারত কখনও দেয় না।”

অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগের প্রত্যাশার কথা তুলে ধরে বিবৃতিতে বলা হয়, “আমরা আশা করি, শান্তিপূর্ণ উপায়ে নির্বাচন আয়োজনের উদ্দেশ্য সাধনসহ অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা নিশ্চিতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার।”