২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

শিশু ধর্ষণ: যুবকের যাবজ্জীবন, অর্থদণ্ড আদায়ে সম্পদ বিক্রির নির্দেশ

আসামির স্থাবর/অস্থাবর সম্পদ বিক্রি করে জরিমানার টাকা আদায় করে ভিকটিম ও তার পরিবারকে দিতে ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিয়েছেন বিচারক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2025, 12:04 PM

Updated : 10 Sep 2026, 12:42 PM

ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান রোববার এ রায় দেন।

সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের প্রসিকিউটর এরশাদ আলম (জর্জ) জানান, আসামি সজীব বেপারীকে যাবজ্জীবন দণ্ডের পাশাপাশি এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আসামির স্থাবর/অস্থাবর সম্পদ বিক্রি করে জরিমানার টাকা আদায় করে ভিকটিম ও তার পরিবারকে দিতে ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিয়েছেন বিচারক। 

রায় ঘোষণার সময় সজীব ট্রাইব্যুনালে হাজির ছিলেন। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।

দণ্ডতি সজীব বরিশালের কাজিরহাট উপজেলার কাদিরাবাদের রশিদ বেপারীর ছেলে। পরিবার নিয়ে তিনি দক্ষিণ কেরানীগঞ্জের এক বাসায় ভাড়া থাকতেন। 

ভিকটিম শিশুটির বাসাও ওই এলাকায়। তার বাবা পেশায় রিকশা চালক, মা গৃহকর্মী। 

মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালের ৫ মে মেয়েটির বাবা রিকশা নিয়ে বের হয়ে যান। তার মাও কাজে চলে যান। দুপুর ১২টার দিকে সজীব মেয়েটি এবং তার দুই বছরের ভাইকে বাসার সামনে থেকে তার বাসায় নিয়ে যায়। পরে সে শিশুটিকে ধর্ষণ করে। 

শিশুটি কান্নাকাটি করলে তাদের দুইজনকে বাসা থেকে বের করে দেয় সজীব। মেয়েটি বিষয়টি তার পরিবারকে জানায়। ১৩ মে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করানো হয়। 

পরে তার বাবা দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করলে পুলিশ সজীবকে গ্রেপ্তার করে। সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। 

তদন্ত শেষে ওই বছরের ২৯ অগাস্ট আদালতে অবিযোগপত্র দাখিল করেন এসআই সঞ্জয় মালো। এরপর সজীবের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। 

মামলার বিচার চলাকালে সাত জনের সাক্ষ্য শোনে আদালত। যুক্তিতর্ক শুনানি শেষে রোববার সজীবকে দোষী সাব্যস্ত করে রায় দিলেন বিচারক।