০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

ইউরোপ যাওয়ার পথে লিবিয়ায় আটকা ১৭৫ জন দেশে ফিরলেন

বেশিরভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যেতে মানবপাচারকারীদের প্ররোচনা ও সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2026, 08:33 PM

Updated : 26 Aug 2026, 03:02 PM

সাগরপথে ইউরোপ যেতে লিবিয়ায় আটকে পড়া ১৭৫ বাংলাদেশি দেশে ফিরেছেন, যাদের মধ্যে ৩০ জন ছিলেন আটককেন্দ্রে বন্দী।

বৃহস্পতিবার সকালে তাদের দেশে ফেরার তথ্য এক সংবাদ বিজ্ঞপ্তিতে দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “লিবিয়ার বেনগাজীতে গানফুদা ডিটেনশন সেন্টারে বন্দী ৩০ জন এবং বেনগাজী ও সংলগ্ন এলাকায় বসবাসকারী দুস্থ, অসহায় ও শারীরিকভাবে অসুস্থ ১৪৫ জনসহ মোট ১৭৫ জনকে সকাল ৮টায় বুরাক এয়ারের একটি ফ্লাইটে দেশে ফিরিয়ে আনা হয়েছে।”

পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “প্রত্যাবাসিত বাংলাদেশিদের বেশিরভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যেতে মানবপাচারকারীদের প্ররোচনা ও সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করেন। তাদের অনেকে লিবিয়াতে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন।”

পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা প্রত্যাবাসিত বাংলাদেশি নাগরিকদের বিমানবন্দরে অভ্যর্থনা জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তাদের এই দুর্বিষহ অভিজ্ঞতা সকলের সঙ্গে বিনিময় করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের অনুরোধ জানানো হয়।