জোড়া লাগানো শিশু রিফা ও শিফা আলাদা জীবনে
টানা ১০ ঘণ্টার অস্ত্রোপচারে আলাদা করা হয় তাদের; যারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এখন সুস্থ হয়ে উঠছে।
পেটে থাকা অবস্থায় জোড়া লাগানো দুই শিশুর জন্মের পর থেকে সংগ্রাম করে যাচ্ছেন মা মাহমুদা আক্তার। জন্মের পরও সোয়া এক বছর শিশু দুটি জোড়া লাগানো ছিল। শেষ পর্যন্ত আলাদা হয়েছে যমজ শিশু শিফা ও রিফা।
টানা ১০ ঘণ্টার অস্ত্রোপচারে আলাদা করা হয় তাদের; যারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এখন সুস্থ হয়ে উঠছে। চিকিৎসকরা নিবিড় নজর রাখছেন তাদের দিকে।
রিফা-শিফার অস্ত্রোপচারে নেতৃত্ব দেওয়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগের অধ্যাপক ডা. সাহানুর ইসলাম বলেন, শিশু দুটির মধ্যে শিফা পুরোপুরি সুস্থ্য। তবে শিফার রক্তে সংক্রমণ আছে।
“তাদের সবশেষ আপডেট হল তারা দুজনেই এখন ভালো আছে। রিফা সুস্থ হয়ে উঠেছে। শিফার রক্তের সংক্রমণ থাকায় সেই অনুযায়ী তার চিকিৎসা চলছে।”
টানা ১০ ঘণ্টার অস্ত্রোপচারের পর গত ৭ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এ চিকিৎসকের নেতৃত্বে তাদের আলাদা করা হয়। সেদিনের অস্ত্রোপচারে অংশ নেন বিভিন্ন হাসপাতালের ৮২ জন বিশেষজ্ঞ চিকিৎসক।
রোববার ডা. সাহানুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অস্ত্রোপচারের বিস্তারিত নিয়ে সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সংবাদ সম্মেলন করবেন।
বরগুনা জেলার বেতাগী উপজেলার বাদশা মিয়া ও মাহমুদা আক্তার দম্পতির ঘরে ২০২৩ সালের ৭ জুন জন্ম হয় বুক ও পেট জোড়া লাগানো দুই শিশু শিফা, রিফার। তাদের আয়েশা নামে ছয় বছরের আরও একটি শিশু আছে। স্থানীয় একটি হাসপাতালে ওই অস্ত্রোপচারের মাধ্যমে ওই শিশুর জন্ম হয়।
ডা. সাহানুর ইসলাম বলেন, শিশু দুটি জন্মের আগে তাদের মায়ের আলট্রাসনোম করে জমজ শিশুর বিষয়টি জানা যায়। তবে তারা যে জোড়া লাগানো সেটা বোঝা যায়নি। জন্মের পর ২০২৩ সালের ২১ জুন রিফা-শিফাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
“আমাদের এখানে আসার পর আমরা তাদের প্রাথমিক ইভ্যালুয়েশন করে বাসায় পাঠিয়ে দিই্। এক মাস পর আমরা মেডিকেল বোর্ড করে সিদ্ধান্ত নিই যে আগে তাদের দুজনের ওজন আরও বাড়াতে হবে। ছয় মাস ফলোআপে রেখে অপারেশনে যাব। শিফার হার্টে জন্মগত ত্রুটি আছে। এজন্য নানা পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে।”
পরে ৭ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার হয়। চিকিৎসকদের এই দলে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, বারডেম, ঢাকা শিশু হাসপাতাল, বিএসএমএমইউ, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকরা ছিলেন।
অস্ত্রোপচারের পর প্রথম দিন শিশু দুটিকে পিআইসিইউতে রাখা হয়। দুদিন পর তাদের ওয়ার্ডে দেওয়া হয়।
তিনি বলেন, পিআইসিইউতে থাকার সময় ১১ সেপ্টেম্বর শিফার হার্ট অ্যাটাক হয়েছিল।
“আমরা তখন অ্যাম্বুলেন্সে করে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে পাঠাই। সেখানে চিকিৎসা শেষে ১৮ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজে আনা হয়। শনিবার শিফার আরেকটা ছোট অস্ত্রোপচার হয়েছে। এখন সে পিআইসিইউতে আছে।”
রিফা-শিফার বাবা বাদশা মিয়া ঢাকার মিরপুরে একটি তৈরি পোষাক কারখানায় কাজ করেন। তিনি ঢাকায় থাকেন। স্ত্রী-সন্তান থাকেন বরগুনায়।
বাদশা মিয়া রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গার্মেন্টস একজন বাচ্চা সুস্থ্য আছে। আরেকজন আইসিইউতে আছে। রিফা আল্লাহর রহমতে সুস্থ্য আছে। ম্যাডাম একটু আগে জানালেন সেও সুস্থ্য আছে। কাল তাকে হয়তো বেডে দিতে পারে।”
তিনি বলেন, পেটে জোড়া লাগানো দুই শিশুর জন্মের পর থেকে তিনি সংগ্রাম করে যাচ্ছেন। তাদের চিকিৎসায় সহায়তা করায় চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা জানান বাদশা মিয়া।
তিনি বলেন, “আমার মেয়েদের সার্জারির জন্য সমাজসেবা অধিদপ্তর আর্থিক সহায়তা দিয়েছে। ওষুধপত্র হাসপাতাল থেকে দেওয়া হয়েছে। এর বাইরে তাদের কিছু জিনিসপত্র, আমাদের খাওয়া-দাওয়া, ঢাকায় থাকার জন্য টাকা খরচ হচ্ছে। আত্মীয়স্বজনের কাছ থেকে ধার করে চলছি। সাহানুর ম্যাডাম আমাদের অনেক সাহায্য করেছেন।”
