২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেনাবাহিনীর স্টিকারে রাজনৈতিক দলকে গাড়ি দেওয়ার কথা ‘মিথ্যা': আইএসপিআর

"কিছু গণপরিবহন চুক্তি শেষের পরও কিছুটা সুবিধা পেতে অনিয়মতান্ত্রিকভাবে সেনাবাহিনীর নাম বা লোগো রেখে দেয়, যা আইন বহির্ভূত," বলা হয় বিবৃতিতে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2025, 08:40 PM

Updated : 26 Aug 2026, 01:24 PM

রাজনৈতিক দলকে সেনাবাহিনীর স্টিকার লাগানো পরিবহন সহায়তা দেওয়ার দাবি 'মিথ্যা’ বলে এক বিবৃতিতে বলেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর— আইএসপিআর।

শনিবার সংবাদমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলা হয়, "সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি পোস্টে দাবি করা হয়েছে যে, বাংলাদেশ সেনাবাহিনী একটি রাজনৈতিক দলকে তাদের রাজনৈতিক কর্মসূচির জন্য বাস সরবরাহ করেছে। 

“এই পোস্ট সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত এবং বিভ্রান্তিকর, যা সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার সুস্পষ্ট অপচেষ্টা।"

সেনাবাহিনী এর ব্যাখ্যা হিসেবে বলছে, "বাস্তবতা হলো, সেনাবাহিনী পরিচালিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে বহির্ভূত উৎস থেকে অস্থায়ীভাবে কিছু বেসরকারি গণপরিবহন ভাড়া নেওয়া হয়। অনেক সময় এসব বাসে অস্থায়ীভাবে ‘বাংলাদেশ আর্মি’ লেখা বা লোগো ব্যবহার করা হয়ে থাকে।"

একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে সেনাবাহিনীকে বিতর্কিত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে উল্লেখ করে আইএসপিআর বলছে, "কিছু গণপরিবহন সেনাবাহিনীর সঙ্গে তাদের চুক্তি শেষ হয়ে যাওয়ার পরও সড়কে কিছুটা সুবিধা পাওয়ার উদ্দেশ্যে অনিয়মতান্ত্রিকভাবে সেনাবাহিনীর নাম বা লোগো রেখে দেয়। কাজটি আইন বহির্ভূত।"

এ ব্যাপারে বিভ্রান্ত না হতে এবং যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য শেয়ার না করার জন্য সাধারণ জনগণকে অনুরোধ জানিয়েছে আইএসপিআর।