২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লঞ্চের কেবিনে তরুণীকে গলা কেটে হত্যা, কোচিং শিক্ষকের মৃত্যুদণ্ড

ওই তরুণী গর্ভবতী থাকায় আসামিকে আরও ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

লঞ্চের কেবিনে তরুণীকে গলা কেটে হত্যা, কোচিং শিক্ষকের মৃত্যুদণ্ড

ফাইল ছবি

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2022, 09:30 PM

Updated : 02 Oct 2022, 09:33 PM

সদরঘাট লঞ্চ টার্মিনালের একটি লঞ্চ থেকে তরুণীর গলা কাটা লাশ উদ্ধারের মামলায় তার কোচিং শিক্ষককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

রোববার ঢাকার জেলা ও দায়রা জজ এএইচএম হাবিবুর রহমান ভুইয়া শিক্ষক আল-মামুনকে (২৭) মৃত্যুদণ্ড দেন। এদিন কারাগার থেকে আসামিকে আদালতে হাজির করে পুলিশ।

হত্যার সময় ওই তরুণী গর্ভবতী থাকায় আসামিকে আরও ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে বলেও জানান পিপি বিমল চন্দ্র সমাদ্দার।

এই রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী ফারুক আহাম্মদ।

২০১৬ সালের ২০ জুলাই ঈগল লঞ্চের ৩০৮ নম্বর কেবিন থেকে পুলিশ ওই তরুণীর লাশ উদ্ধার করে। কেবিন থেকে ওই তরুণীর কোচিং শিক্ষক আল-মামুনকে (২১) আটক করা হয়।

পুলিশ জানায়, ওই দিন বিকাল ৪টার দিকে কেবিনের দরজার নিচ দিয়ে রক্ত দেখে কেবিন বয়ের সন্দেহ হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে দরজা ভেঙে মৃতদেহ দেখতে পান।

মামলার বিবরণে বলা হয়, কেরানীগঞ্জের একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ওই ছাত্রী কোচিং করার সূত্রে শিক্ষক আল-মামুনের সঙ্গে শারিরীক সম্পর্কে জড়িয়ে পড়ে। ঘটনার দিন কাউকে কিছু না বলে বরগুনার উদ্দেশে ঈগল-৩ লঞ্চে ওঠেন তারা। সেখানে মামুন তাকে অন্য একটি ছেলের সঙ্গে ওই তরুণীর সম্পর্কের সন্দেহের কথা জানায়। তা নিয়ে বাকবিতণ্ডার জেরে ওই তরুণীর গলায় ছুরি দিয়ে গলায় আঘাত করেন মামুন।