বিমান দুর্ঘটনা: ডিএনসিসি কর্মীদের ছুটি বাতিল
নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।
ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান দুর্ঘটনায় হতাহতদের উদ্ধার ও অন্যান্য কাজে সহযোগিতার জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উত্তরা জোনের কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে।
সোমবার ডিএনসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ডিএনসিসির স্বাস্থ্য বিভাগ, বর্জ্য ব্যবস্থাপনা বিভাগসহ অন্যান্য বিভাগ এ সংকট মোকাবেলায় প্রস্তুত রয়েছে।
বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনার পাশাপাশি তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।
সোমবার দুপুরে ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ২০ জন নিহত হয়েছে, আহত হয়েছে দেড় শতাধিক। এ ঘটনায় মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
