১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

অবকাশে নিম্ন আদালত

মঙ্গলবার থেকে শুরু হওয়া এ অবকাশ চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2025, 03:50 PM

Updated : 26 Aug 2026, 05:14 PM

সারা দেশের জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, বিশেষ জজ আদালত, সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল, দ্রুত বিচার ট্রাইব্যুনাল ও সন্ত্রাস দমন ট্রাইব্যুনালে ডিসেম্বর মাসের বাৎসরিক অবকাশ শুরু হয়েছে। 

সারাদেশের মত ঢাকার নিম্ন আদালতেও শুরু হয়েছে মাসব্যাপী অবকাশ।

মঙ্গলবার থেকে শুরু হওয়া এ অবকাশ চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত।

অবকাশকালে এসব আদালতে বিচারাধীন দেওয়ানি ও ফৌজদারি মামলার কার্যক্রম বন্ধ থাকবে।  তবে সারা দেশের ম্যাজিস্ট্রেট আদালত এই ছুটির আওতার বাইরে থাকছে।

এদিকে অবকাশকালীন সময়ে ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের অবকাশকালীন বিচারক হিসেবে ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক মুহাম্মদ কামরুল হাসান খানকে জরুরি মামলাসমূহ নিষ্পত্তি দায়িত্ব দেওয়া হয়েছে। 

তিনি আগামি ৮,৯, ১০, ২২, ২৩ ও ২৪ ডিসেম্বর জরুরি মামলা নিষ্পত্তি করবেন।

অন্যদিকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের জরুরি মামলা নিষ্পত্তির জন্য অবকাশকালীন বিচারক হিসেবে ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনকে  দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি আগামি ৯, ১০, ১১, ২১, ২২ ও ২৩ ডিসেম্বর জরুরি মামলা নিষ্পত্তি করবেন।

এদিকে ঢাকার চিফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত, ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালত বাৎসরিক ছুটির আওতাবহির্ভূত রয়েছে। 

এ বিষয়ে প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন বলেন, “প্রতি বছরের ন্যায় এবারও নিম্ন আদালতে অবকাশ শুরু হয়েছে। আজ থেকে শুরু হওয়া অবকাশ চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। তবে ঢাকার চিফ মেট্র্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ও চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থানার সাথে রিলেটেড থাকায় এসব আদালত কখনো বন্ধ হয় না। 

“মামলার অনেক চাপ থাকে। রেওয়াজ অনুযায়ী অবকাশ শুরু হয়েছে।"

দুই বছর আগেও চিফ মেট্র্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ও চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সাথে বিশেষ জজ আদালত এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালে অবকাশকালীন সময়ে বিচারকাজ চলত। গত বছর থেকে এই দুই আদালতে ছুটি শুরু হয়েছে বলে জানিয়েছেন ঢাকার ৬ষ্ঠ বিশেষ জজ আদালতের উচ্চমান বেঞ্চ সহকারি ফকির মো. জাহিদুল ইসলাম।