ঢাকায় প্রথম ‘চর্যাপদ পুনর্জাগরণ উৎসব’
শেষ দিন শুক্রবার চর্যাসংগীত পরিবেশন করবেন দেশের বিভিন্ন প্রান্তের সাধকশিল্পীরা।
ভাবসাধকদের চর্যাপদের গানের পুনর্জাগরণের ৫০০তম আসরের পূর্তি উপলক্ষে প্রথমবারের মতো ঢাকায় হচ্ছে ‘চর্যাপদ পুনর্জাগরণ উৎসব’।
উৎসবের দ্বিতীয় দিন বৃহস্পতিবার বিকালে জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয় 'চর্যাপদের পুনর্জাগরণ' বিষয়ক সেমিনার। এতে তিনটি প্রবন্ধ উপস্থাপন করা হয়। পাশাপাশি ছিল চর্যাগানের পরিবেশনা। সাধিকা সৃজনী তানিয়ার সূচনা সংগীতের মধ্য দিয়ে দ্বিতীয় দিনের আয়োজন শুরু হয়।
ভাবনগর ফাউন্ডেশনের আয়োজনে তিন দিনের এ উৎসব বুধবার শুরু হয়েছে বলে জানিয়েছেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নূরুননবী শান্ত।
রাজধানীর বাংলা একাডেমির ফটকের বিপরীতে সোহরাওয়ার্দী উদ্যানে বুধবার বিকেলে ভাবসাধকদের চর্যাপদের পুনর্জাগরণের ৫০১তম আসর বসে। পরে প্রথমবার চর্যাসংগীত শোভাযাত্রার মাধ্যমে শুরু হয় উৎসব।
দ্বিতীয় দিন বৃহস্পতিবার সেমিনারে 'চর্যানৃত্যের পুনর্জাগরণ' বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন লুবনা মারিয়াম।
তিনি বলেন, "চর্যানৃত্য, যেখানে শরীর আর মনের সঙ্গে সম্পর্ক স্থাপন করা হয় কৃত্যের মধ্য দিয়ে। নাচ গতিশীল একটা ঘটনা, যেটাকে বলি জীবনের বাস্তব ঘটনা। সারা বিশ্বেই ঐতিহ্যবাহী কৃত্য নিয়ে নাচ আছে।”
'ফোকলোর তত্ত্ব, সংগীত নৃবিদ্যা ও ইউনেস্কো কনভেনশনের আলোকে চর্যাপদের গানের পুনর্জাগরণ' প্রসঙ্গে প্রবন্ধ উপস্থাপন করেন ভাবনগর ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নূরুননবী শান্ত।
তিনি বলেন, “চর্যাপদ একক কোনো পরিবেশনা শিল্প নয়, বরং সুনির্দিষ্ট মৌলিক কর্মকাণ্ড; যা আত্মশুদ্ধি সাধনার মানুষ হয়ে ওঠার পন্থা হিসেবে প্রচীনকালে বিবেচনা করা হত। বাংলাদেশে চর্যাগান চর্চার শাস্ত্রীয় উদ্যোগ বিরল হলেও কিছুটা লক্ষ করা গেছে। তবে তা সাধারণ চারণশিল্পীদের মধ্যে ছড়ায়নি। চর্যাগানের পুনর্জাগরণ প্রচেষ্টা এখানেই অনন্য।”
'ভাবসাধকদের চর্যাপদ গানের পুনর্জাগরণের ইতিহাস ও প্রকৃতি' বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করে ড. সাইমন জাকারিয়া।
তিনি বলেন, “এরই মধ্যে বাংলাদেশের ভাবসাধকদের চর্যাপদের গানের পুনর্জাগরণ কেন্দ্র ভাবনগর সাধুসঙ্গ চর্যাপদের গানের পুনর্জাগরণের ৫০০ আসর সম্পন্ন করেছে। যে আসরে পৃথিবীর বিভিন্ন দেশের গবেষক, অধ্যাপকদের পাশাপাশি শিল্পীরা অংশ নিয়েছেন এবং চর্যাপদ গানের প্রশিক্ষণও নিয়েছেন।”
সেমিনারে বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা বলেন, "চর্যাপদের আগেও কোনো নিদর্শন ছিল কি না, তা আমরা জানি না। আমরা জানি না বলেই যে ছিল না, তা তো নয়। হয়ত ছিল। আমি যে কবিতাটি লিখেছি, সেই ভাবটিও হয়ত অন্য কোনো ভাবসাধকের মনে অন্য কোনোভাবে তৈরি হয়েছে।”
কবি শাহেদ কায়েস বলেন, “চর্যাপদ প্রায় বিলুপ্ত শিল্পে পরিণত হয়েছিল; ১১৪ বছর আগে নতুন করে আবিষ্কৃত হওয়ার পর থেকে বাংলাদেশে সমকালীন ভাষায় অনূদিত হয়ে চর্যাপদ শুধুই পুস্তকে সীমাবদ্ধ ছিল। কিন্তু আমরা জানি এক সময় এই বাংলায় চর্যাপদ চৰ্চা জীবন-যাপন এবং প্রার্থনার অংশ ছিল। আমরা ধন্যবাদ জানাই সাইমন জাকারিয়ার নেতৃত্বে ভাবনগরের ভাবসাধকদের এই প্রচেষ্টাকে; তাঁরা চর্যাপদের গানের ৫০০তম আসর পূর্ণ করেছে।”
ভাবনগর ফাউন্ডেশন-এর উদ্যোগটি একদিন ইউনেস্কোর স্বীকৃতি পাবে বলে আশা তার।
সভাপতির বক্তব্যে অভিনেতা, নাট্য সংগঠক আতাউর রহমান বলেন, "আমরা জাতি হিসেবে গর্বিত, আমাদের যে পুঁথিপাঠ হত, মেলা হত; তা নিয়ে আমরা গর্বিত। চর্যাপদ বাংলা ভাষার আদি রূপ। চর্যাপদ থেকেই তো আজকে আমাদের ভাষা এই পর্যায়ে এসেছে।
"আমাদের এ অঞ্চলে কালিদাসের জন্ম হয়েছিল। সেই কালিদাস প্রেমিকার কাছে বার্তা পাঠিয়েছেন মেঘের মাধ্যমে। যখন টেলিফোন ছিল না, তখন মেঘ উড়ে উড়ে সেই বার্তা নিয়ে যাচ্ছে। এই যে কাব্যিক সাধনা, তার মনের প্রকাশ; এসব আমাদের গর্বিত অতীত। আমাদের আদিরূপটা কেমন ছিল, তা জেনেই আমাদের সম্মুখে চলতে হবে।”
আরও বক্তব্য দেন অধ্যাপক গোলাম রাব্বানী, অধ্যাপক শোয়াইব জিবরান, অধ্যাপক ইউসুফ হাসান অর্ক, ড. আলী এফ এম রেজোয়ান, ড. কমল খালিদ, সালেহ মুজাহিদ, ড. সাইম রানা ও জোবায়ের আবদুল্লাহ।
আলোচনার ফাঁকে ফাঁকে সুরে সুরে শিল্পীরা চর্যাপদ পরিবেশন করেন। শিল্পীদের মধ্যে ছিলেন- শাহ আলম দেওয়ান, আব্দুল লতিফ শাহ, সাধিকা সৃজনী তানিয়া, বাউল অন্তর সরকার, শিলা মল্লিক, নাইম, আল আমিন সরকার পিপাসী, বাউল তাহমিনা, ইউসুফ মিয়া, ফকির আবুল হাশেম, গুঞ্জের আলী জীবন, মীনা পাগলী, আনিস মুন্সী, সিদ্দিক ফকির, উজ্জ্বল ফকির, বাবুল আক্তার বাচ্চু, ফারুক হোসেন, আফজাল হোসেন, অভয়চরণ, বেল্লাল হোসেন, সরদার আব্দুল কাদের সিদ্দিকী, রোকনউদ্দিন, আকাশ ব্যাপারী, ফারুক নূরী, মিয়ারুল ইসলাম রাজন প্রমুখ।
সেমিনার সঞ্চালনা করেন সাইদ হাফিজ ও ওয়াহিদা সুলতানা আশা।
উৎসবের তৃতীয় দিন শুক্রবার বেলা ৩টা থেকে ৫টা পর্যন্ত চর্যাপদ প্রশিক্ষণ কর্মশালা হবে। প্রথম পর্বে উপস্থিত থাকবেন নাট্যনির্দেশক নাসির উদ্দীন ইউসুফ। প্রশিক্ষণ দেবেন শাহ আলম দেওয়ান, সাইম রানা, সাধিকা সৃজনী তানিয়া ও বাউল অন্তর সরকার।
দ্বিতীয় পর্বে সন্ধ্যা ৭টায় 'চর্যাপদের পুনর্জাগরণ আসর' বসবে জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে। এ পর্বে চর্যাসংগীত পরিবেশন করবেন দেশের বিভিন্ন প্রান্তের সাধকশিল্পীরা।
