২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আপাতত’ বৃষ্টির আভাস নেই, বাড়বে তাপমাত্রা

দেশের কোথাও কোথাও তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2024, 06:39 PM

Updated : 10 Sep 2026, 12:17 PM

নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে কয়েকদিন ধরে চলা টানা বৃষ্টি কমেছে রোববারই। এছাড়া উপকূলীয় এলাকায় ঝড়ের আভাস না থাকায় সমুদ্র বন্দরগুলো থেকে সতর্ক সংকেতও নামিয়ে ফেলতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার সকালে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আপাতত দেশে টানা বৃষ্টির পূর্বাভাস নেই। দেশের কোথাও কোথাও তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

এতে বলা হয়েছে, মঙ্গলবার ও বুধবার ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, সিলেট, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

সেই সঙ্গে রাজশাহী, খুলনা ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে ৩৫ দশমিক ৮ ডিগ্রি এবং সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে খুলনার কুমারখালীতে ৮৬ মিলিমিটার। 

আবহাওয়ার ‘সিনপটিক’ অবস্থায় বলা হয়েছে, বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর স্থল নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে স্থল নিম্নচাপ হিসেবে ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। 

মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, স্থল নিম্নচাপের কেন্দ্রস্থল, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।