সাম্প্রদায়িক সংকীর্ণতার ঊর্ধ্বে থেকে কাজ করার আহ্বান প্রধান বিচারপতির
“সকলের সম্মিলিত অংশগ্রহণে শারদোৎসব উদযাপনের সংস্কৃতি আমাদেরকে ভ্রাতৃত্ববোধ, বহুত্ববাদ, সহিষ্ণুতা ও একত্রে পথচলার শিক্ষা দেয়।”
সমাজে বিরাজমান অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে সাম্প্রদায়িক সংকীর্ণতার ঊর্ধ্বে থেকে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
রোববার টাঙ্গাইলের কুমুদিনী কমপ্লেক্সের পূজা উদযাপন কমিটিকে পাঠানো প্রধান বিচারপতি স্বাক্ষরিত একটি শুভেচ্ছাবার্তায় এ আহ্বান জানানো হয়।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যায় প্রধান বিচারপতি টাঙ্গাইলের মির্জাপুরে প্রয়াত দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ির ঐতিহ্যবাহী পুজামণ্ডপসহ কুমুদিনী মেডিকেল কলেজ ও হাসপাতাল, ভারতেশ্বরী হোমসসহ কুমুদিনী কমপ্লেক্সের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। এর একদিন পর তিনি সেখানে শুভেচ্ছাবার্তা পাঠান।
শুভেচ্ছাবার্তায় প্রধান বিচারপতি বলেন, “আবহমান কাল থেকে ধর্ম-বর্ণ-শ্রেণি নির্বিশেষে সকলের সম্মিলিত অংশগ্রহণে শারদোৎসব উদযাপনের সংস্কৃতি আমাদেরকে ভ্রাতৃত্ববোধ, বহুত্ববাদ, সহিষ্ণুতা ও একত্রে পথচলার শিক্ষা দেয়।
“সাম্প্রদায়িক সম্প্রীতির এই উদাহরণ একদিকে যেমন আমাদেরকে ন্যায়বিচার ও মানবিক মর্যাদার জন্য লড়াই করতে শেখায়, তেমনিভাবে আমাদের সামাজিক দায়িত্ববোধ, তথা ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের অধিকারের সুরক্ষায় আমাদের যে প্রতিশ্রুতি, তাকে নতুন করে স্মরণ করিয়ে দেয়।”
শুভেচ্ছাবার্তায় তিনি বলেন, “সমাজে বিরাজমান অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে আমাদের সকলকে সাম্প্রদায়িক সংকীর্ণতার ঊর্ধ্বে এসে একত্রে কাজ করতে হবে।”
বিশেষ করে, আইন পেশায় সম্পৃক্ত সকলকে ন্যায়বিচার নিশ্চিত করতে ন্যায়ের পথে থেকে যাবতীয় অন্যায়, অবিচার, বৈষম্যের বিরুদ্ধে বিরতীহীনভাবে কাজ করার মাধ্যমে সমাজে মানবাধিকার, শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
শনিবার প্রধান বিচারপতির পূজামণ্ডপ পরিদর্শন ও দর্শনার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে তার সঙ্গে টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ মোহাম্মদ নাজিমুদ্দৌলা, মুখ্য বিচারিক হাকিম শাহরিয়ার খান, জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার সাইফুল ইসলাম, প্রধান বিচারপতির একান্ত সচিব শরীফুল আলম ভূঁঞা ও স্পেশাল অফিসার মো. মোয়াজ্জেম হোছাইন উপস্থিত ছিলেন।
