বৈষম্যবিরোধী আন্দোলনে উত্তরায় গুলিবিদ্ধ কিশোর আরাফাতের মৃত্যু
সোমবার বেলা ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে তার জানাজা হবে।
বৈষম্যবিরোধী আন্দোলনে ঢাকার উত্তরায় পুলিশের গুলিতে আহত কিশোর আরাফাত হুসাইন মারা গেছেন।
রোববার রাত সাড়ে ১০টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ১২ বছর বয়সী এ কিশোরের মৃত্যু হয়।
আন্দোলনে আহতদের চিকিৎসায় গঠিত টিমের সদস্য ডা. হুমায়ুন কবির হিমু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ে গত ৫ অগাস্ট পুলিশের গুলিতে আহত হয় আরাফাত। পরদিন তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।
“তার শরীরের পাঁজরে গুলি লাগে। এতে তার ফুসফুস, মেরুদণ্ড ক্ষতিগ্রস্ত হয়। আরাফাতকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছিল।”
আরাফাতের বাড়ি ঢাকার আজমপুরের পাকুরিয়া এলাকায়। উত্তরা জামিয়া রওজাতুল উলুম মাদ্রাসার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন তিনি।
আরাফাতের বড় ভাই হাসান আলী সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ৫ অগাস্ট বিকালে আনন্দ মিছিলে গিয়েছিল আরাফাত। সেই সময় আজমপুরে থানার সামনে গুলিবিদ্ধ হন তিনি।
“একটা গুলি তার পাঁজরের নিচ দিয়ে ঢুকে পিঠের দিকে বের হয়ে যায়। গুলিতে আরাফাতের ফুসফুস ছিদ্র হয়, মেরুদণ্ড গুড়া হয়ে যায়, পাকস্থলি ক্ষতিগ্রস্ত হয়। কয়েকটি হাসপাতালে ঘুরে কুমির্টোলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কুর্মিটোলা হাসপাতাল থেকে চিকিৎসকরা তাকে সিএমএইচে পাঠান। সেখানেই ভর্তি ছিল সে।”
হাসান আলী বলেন, সোমবার বেলা ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে জানাজা হবে আরাফাতের। পরে উত্তরা ১৪ নম্বর সেক্টর কবরস্থানে তাকে দাফন করা হবে।
জুলাই অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল এ পর্যন্ত ৮৫৮ জনের খসড়া তালিকা প্রকাশ করেছে। আরাফাত হুসাইনের মৃত্যুর পর তা বেড়ে দাঁড়াল ৮৫৯ জনে।
অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের প্রতিবেদন অনুযায়ী আহতের সংখ্যা ১১ হাজার ৫৫১ জন।
আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে হতাহতের এ তালিকা তৈরির উদ্যোগ নেয়। পরে জুলাই-আগস্টে নিহত এবং আহতদের তালিকা তৈরি করতে ১৫ আগস্ট স্বাস্থ্য মন্ত্রণালয় একটি কমিটি গঠন করে।
৯ সেপ্টেম্বর কমিটি প্রাথমিকভাবে জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সারাদেশে অন্তত ৬৩১ জন নিহত হয়েছেন; আহত হয়েছেন ১৯ হাজার ২০০ জনের বেশি মানুষ।
স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বা এমআইএস শাখা আন্দোলনে আহত ও নিহতদের এই তালিকা তৈরি করছে। সারাদেশের সরকারি-বেসরকারি হাসপাতাল থেকে তথ্য নিয়ে করা এ তালিকা নিয়মিত হালনাগাদ করা হচ্ছে।
