২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন ভাষা শিখলে মাতৃভাষায় দুর্বল হয়, এ ধারণা ভিত্তিহীন: মুহাম্মদ ইউনূস

“মাতৃভাষা দিবসে সব মাতৃভাষা সংরক্ষণে প্রতিজ্ঞাবদ্ধ হলাম।”

নতুন ভাষা শিখলে মাতৃভাষায় দুর্বল হয়, এ ধারণা ভিত্তিহীন: মুহাম্মদ ইউনূস
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শুক্রবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। ছবি: পিআইডি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2025, 07:57 PM

Updated : 26 Aug 2026, 11:52 AM

একটি নতুন ভাষা শিখলে মাতৃভাষায় দুর্বল হয়ে পড়ার ধারণাকে ‘ভিত্তিহীন’ বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।  

শুক্রবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের এক অনুষ্ঠানে তিনি বলেন, “একটি নতুন ভাষা শিখলেই পুরনো ভাষায় দুর্বল হয়ে পড়বে, এই ধারণার ভিত্তি নেই। একই নাগরিক সাবলীলভাবে কয়েকটি ভাষায় কথা বলবে, এটা পৃথিবীর বহু দেশে খুবই স্বাভাবিক বলে ধরে নেওয়া হয়। 

“তারা শৈশব থেকে নানা ভাষায় অভ্যস্ত হয়ে পড়েন। স্কুলে পড়ার সময় প্রত্যেকের অন্তত একটি ভিন্ন ভাষা শেখা বাধ্যতামূলক করা হয়।”

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এ অনুষ্ঠান হয়। সেখানে তিন ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে ‘আন্তর্জাতিক মাতৃভাষা পদক’ তুলে দেন প্রধান উপদেষ্টা।

ইউনূস বলেন, “পৃথিবীর প্রায় সব দেশে নানা দেশের নানা ভাষার মানুষ নাগরিকত্ব গ্রহণ করে কয়েক প্রজন্ম ধরে বসবাস করেন। নতুন দেশের ভাষা তাদের দৈনন্দিন জীবনে চব্বিশ ঘণ্টার ভাষায় পরিণত হয়ে যায়, তবু সে ভাষা মাতৃভাষায় পরিণত হয় না।

“তারা নিজেদের মধ্যে একত্র হলেই উৎসাহ সহকারে নিজেদের মূল ভাষায় ফিরে যায়, তাদের মূল ভাষার সাংস্কৃতিক পরিমণ্ডল সৃষ্টি করে নেয় নিজেদের অজান্তেই।” 

প্রধান উপদেষ্টা বলেন, “যেসব শহরে তাদের মাতৃভাষাবাসীর সংখ্যা বেশি, তাদের শহরের মেয়র, সিটি কাউন্সিলে সংখ্যাগরিষ্ঠতার জোরে অনায়াসে নির্বাচিত করে তারা। তাদের শহরে তারা নিজেদের মাতৃভাষা নির্দ্বিধায় প্রতিষ্ঠিত করে ফেলে। 

“অথচ শহরের গণ্ডি পেরোলেই তারা আবার নতুন ভাষায় সাবলীলভাবে ফিরে যায়। শহরের নতুন নাগরিকদের নিয়ে পুরনো নাগরিকদের মনে কোনো ক্ষোভের সৃষ্টি হয় না। 

মুহাম্মদ ইউনূস বলেন, “আজ আমরা মাতৃভাষা দিবসে সব মাতৃভাষা সংরক্ষণের জন‍্য প্রতিজ্ঞাবদ্ধ হলাম। আবেগের কারণ তো আছেই, মস্ত বড় স্বার্থের কারণও আছে। 

“এখন আমাদের জানা নেই কোন অজ্ঞাত নামহীন মাতৃভাষা পৃথিবী সম্পূর্ণ বদলে দেবে। তাই কোনো সম্ভাবনাকে অবজ্ঞা করলে মস্ত বড় ভুল করব।”

ইউনূস বলেন, “জাতির মুক্তি-সংগ্রামের ইতিহাসে ভাষা আন্দোলনের গুরুত্ব অপরিসীম। এই আন্দোলনের মধ্য দিয়েই একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, ভাষাভিত্তিক জাতিসত্তা ও রাষ্ট্রব্যবস্থা গঠনের ভিত রচিত হয়।

“বায়ান্নর একুশে ফেব্রুয়ারি তাই শুধু বেদনার্ত অতীত স্মরণ করে অশ্রুবিসর্জনের দিন নয়, বরং এক অবিনাশী প্রেরণা, সব ধরনের অন্যায়, অবিচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বীজমন্ত্র।” 

'আন্তর্জাতিক মাতৃভাষা পদক' পেল তিন ব্যক্তি ও প্রতিষ্ঠান