Published : 08 Jan 2026, 02:27 PM
দুর্নীতির মামলায় ময়মনসিংহ-১০ আসনের সাবেক সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেলের ঢাকার দুটি ফ্ল্যাট ও ময়মনসিংহের ১৬ একর জমি জব্দের আদেশ দিয়েছে আদালত।
দুদকের আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এতথ্য জানান।
সাবেক এমপি বাবেলের দুটি ফ্ল্যাটের মধ্যে একটি গুলশানে, আরেকপি ধানমন্ডিতে। আর জব্দ হওয়া ১৬ একর জমি আছে ময়মনসিংহের ভালুকা ও গফরগাঁওয়ে। এসব সম্পদের মূল্য দেখানো হয়েছে ৮ কোটি ৫৬ লাখ ৩৫ হাজার ৪৯৫ টাকা।
মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আশিকুর রহমান এসব সম্পদ জব্দ চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, “ফাহমী গোলন্দাজ বাবেল উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে নিজ ক্ষমতার অপব্যবহার করে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে তার জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ২০ কোটি ১১ লাখ ২০ হাজান ৫৭৩ টাকা মূল্যের সম্পত্তির মালিকানা অর্জন করা ও দখলে রেখে এবং তার নামীয় ১৬টি ব্যাংক হিসাবে ৬০ কোটি ৯৮ লাখ ৪০ হাজার ৯৮ টাকা ও এক লাখ ৭১ হাজার ৬৪৬ মার্কিন ডলার অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে অপরাধলব্ধ অবৈধ অর্থ জ্ঞাতসারে হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করার অভিযোগে দুদক মামলা দায়ের করে। ”
তদন্তে দুদুক জেনেছে, সাবেক এমপি বাবেল তার এসব সম্পত্তি অন্য কোথাও হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। সেই চেষ্টা আটকাতে এসব স্থাবর সম্পদ জব্দ করা প্রয়োজন বলে আবেদনে জানিয়েছে দুদক।