Published : 10 Mar 2026, 10:10 PM
ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন অবৈধ কাউন্টার উচ্ছেদ ও টার্মিনাল ব্যবস্থাপনার ‘আধুনিকায়নের’ সিদ্ধান্ত নিয়েছে।
মঙ্গলবার নগর ভবনে এক প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত হয় বলে করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মো. রাসেল রহমান জানান।
বৈঠকের সিদ্ধান্ত তুলে ধরে তিনি বলেন, "যাত্রীদের ভোগান্তি নিরসন এবং যানজটমুক্ত সড়ক নিশ্চিত করতে ডিএসসিসির পক্ষ থেকে টার্মিনাল ব্যবস্থাপনা আধুনিকায়ন, অবৈধ কাউন্টার উচ্ছেদ এবং অবকাঠামোগত উন্নয়নে বিশেষ পদক্ষেপ নেওয়া হচ্ছে।"
সভার সিদ্ধান্ত হয়, সায়েদাবাদ ব্রিজের ঢাল থেকে টিটি পাড়া পর্যন্ত সড়কের পাশে সকল অবৈধ টিকেট কাউন্টার সরাতে নোটিশ দেওয়া হবে। নির্ধারিত সময়ে না সরালে সেগুলো অপসারণ করা হবে। টার্মিনালের ভেতরে থাকা সব অবৈধ দোকান উচ্ছেদে দ্রুত অভিযান পরিচালনা করা হবে।
টার্মিনাল ভেতরে প্রকৃত বাস কোম্পানিগুলোর নামে সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে টিকেট কাউন্টার বরাদ্দ দেওয়া হবে। বাস মালিক সমিতি, ডিএসসিসি ও পুলিশের ট্রাফিক সমন্বিতভাবে কাউন্টার বরাদ্দে কাজ করবে।
বাসগুলোকে ডিপো হিসেবে টার্মিনাল ব্যবহার না করে নির্ধারিত পাঁচটি বাস বে ব্যবহার করতে হবে। যাত্রী তোলার জন্য বাসগুলো সর্বোচ্চ ২০ থেকে ৩০ মিনিট অপেক্ষা করতে পারবে।
যাত্রীদের সুবিধার্থে টার্মিনালে নতুন তথ্য কেন্দ্র এবং মাতৃদুগ্ধ পান করানোর কক্ষ স্থাপন করা হবে। ঈদযাত্রার আগে টার্মিনালের অসমাপ্ত সংস্কার কাজ, শৌচাগার মেরামত এবং জলাবদ্ধতা নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয় সভায়।
ঈদুল ফিতর উপলক্ষে যাত্রী সমাগম বৃদ্ধির সুযোগে কোনো পরিবহন যাতে সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত টাকা আদায় করতে না পারে, সে বিষয়ে পরিবহন মালিক সমিতিকে কঠোর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়।
টার্মিনালের ভেতরে দীর্ঘকাল ধরে পড়ে থাকা পরিত্যক্ত বাসগুলো জব্দ করে অপসারণের জন্য ট্রাফিক বিভাগকে দায়িত্ব দেওয়া হয়।
ডিএসসিসি প্রশাসক আব্দুস সালাম বলেন, "ইদ যাত্রাকে নির্বিঘ্ন করতে ও দীর্ঘমেয়াদী যানজট নিরসনে সিটি কর্পোরেশন, পুলিশ, বাস মালিক ও শ্রমিকরা আমরা একসাথে কাজ করব। যাত্রীদের স্বস্তি দেওয়ার জন্য সমন্বিত সিদ্ধান্তগুলো যেকোনো মূল্যে বাস্তবায়ন করা হবে।"
বোর্ড সভার সদস্যদের পাশাপাশির ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা সড়ক পরিবহন বাস মালিক সমিতি, সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল পরিবহন মালিক সমিতি ও সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল পরিবহন শ্রমিক কমিটির সদস্যরা সভায় অংশ নেন।