২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একটি সমন্বিত যোগাযোগ ব্যবস্থা গড়তে কাজ চলছে: প্রধানমন্ত্রী

পিরোজপুরের বেকুটিয়ায় কচা নদীর উপর অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু উদ্বোধন করেছেন শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2022, 07:21 PM

Updated : 04 Sep 2022, 07:21 PM

কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করে একটি সমন্বিত যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠায় সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার সকালে পিরোজপুরের বেকুটিয়ায় কচা নদীর ওপর প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান বলে বাসস জানিয়ছে।

প্রধানমন্ত্রী বলেন, “আমরা জানি, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, বিদ্যুৎ সরবরাহ এবং কর্মসংস্থান সৃষ্টি একটি দেশের অগ্রগতির জন্য অপরিহার্য। ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর থেকে আমরা এই বিষয়গুলো মাথায় রেখে কাজ করে যাচ্ছি।”

প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলী হল থেকে ভার্চুয়ালি এই সেতু উদ্বোধন অনুষ্ঠানে যুক্ত হয়ে সরকার প্রধান বলেন, “১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশের অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিত করতে এবং জনসাধারণের, বিশেষ করে তৃণমূলের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাচ্ছে।”

দেশের আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করতে তার সরকারের উদ্যোগের সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “দক্ষিণাঞ্চলের মানুষ দীর্ঘদিন বঞ্চিত ছিল। কারণ তাদের জীবনের ঝুঁকি নিয়ে অনেক খরস্রোতা বড় বড় নদী পাড়ি দিয়ে জীবিকা ও চিকিৎসার জন্য রাজধানীতে আসতে হত।”

ভাষণে ১৯৯৬ সালে বরিশালের সঙ্গে ঢাকার সড়ক যোগাযোগে শিকারপুর-দোয়ারিকা সেতু, কীর্ত্তনখোলা নদীর উপর সেতুর নির্মাণ কাজ এবং গাবখান সেতুর পাশাপাশি উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নেও একের পর এক সেতু নির্মাণের কথা বলেন শেখ হাসিনা।

তিনি বলেন, “পিরোজপুরের বেকুটিয়ায় কচা নদীর উপর বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু উদ্বোধনের ফলে ঢাকার সঙ্গে পিরোজপুরের সরাসরি যোগাযোগ স্থাপিত হয়েছে।

“জনগণ পিরোজপুরের তাজা পেয়ারা এবং আমড়া রাজধানীতে বসেই পাবে। এই অঞ্চলের শীতল পাটিও বিখ্যাত। জেলার বাসিন্দারা অন্যান্যদের পাশাপাশি খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প স্থাপন করতে পারে, যা জেলা ও অঞ্চলের আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তনে ব্যাপক অবদান রাখবে।”

সড়ক ও জনপথ বিভাগের অধীনে ২০১৮ সালের ১ নভেম্বর সেতুর নির্মাণ কাজ শুরু হয় এবং এটি নির্মাণে খরচ হয়েছে ৮৯৪ কোটি ৮ লাখ টাকা। এতে প্রকল্প সহায়তা হিসেবে চীন সরকার ৬৫৪ কোটি ৮০ লাখ টাকা এবং বাংলাদেশ সরকার ২৩৯ কোটি ৮০ লাখ টাকা ব্যয় করেছে ।

সেতুটি কুয়াকাটা সমুদ্র সৈকত, পায়রা গভীর সমুদ্র বন্দর, মংলা সমুদ্র বন্দর এবং দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনে সহায়তা করবে।

অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এবং বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত লি জিমিং বক্তৃতা করেন।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নূরী অনুষ্ঠানে একটি পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন করেন। প্রকল্পের ওপর একটি ভিডিও চিত্রও অনুষ্ঠানে প্রদর্শিত হয়। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস অনুষ্ঠান সঞ্চালনা করেন।

উদ্বোধন উপলক্ষে সেতুর পশ্চিম এবং পূর্বপাড়ে দুটি সমাবেশের আয়োজন করা হয়। পশ্চিম পাড়ে পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম ও পূর্ব পাড়ে সাবেক যোগাযোগ মন্ত্রী পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী পরে প্রকল্প এলাকার জনগণের সঙ্গে মতবিনিময় করেন।