২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের আগে দুই শনিবার প্রাথমিক বিদ্যালয়ও খোলা

ওই দুদিন স্কুলগুলোতে ক্লাস ও শিক্ষা অফিসগুলোতে দাপ্তরিক কাজ চলবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2025, 07:25 PM

Updated : 26 Aug 2026, 12:43 PM

কোরবানির ঈদের ছুটি নির্বাহী আদেশে বাড়িয়ে এর বদলে মে মাসের দুই শনিবার (১৭ ও ২৪ মে) অফিস খোলা রাখার যে নির্দেশনা দেওয়া হয়েছে, সেই দুদিন খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়ও।

বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এক আদেশে দুই শনিবার প্রাথমিক বিদ্যালয় ও মাঠ পর্যায়ের শিক্ষা অফিসগুলো খোলা রাখতে বলেছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি ও অপারেশন বিভাগের সহকারী পরিচালক মাহফুজা খাতুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ দুই শনিবার স্কুলগুলোতে ক্লাস ও শিক্ষা অফিসগুলোতে দাপ্তরিক কাজ চলবে।”

গত ৭ মে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, ঈদের পর ১১ ও ১২ জুন নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে। তার বদলে চলতি মে মাসের ১৭ ও ২৪ তারিখ শনিবার সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা থাকবে। তবে বাড়তি ছুটির দুই দিনে জরুরি সেবায় নিয়োজিত সরকারি দপ্তরগুলো খোলা রাখতে বলা হয়েছে প্রজ্ঞাপনে।

বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বলেছে, দাপ্তরিক কাজের স্বার্থে ১৭ মে ও ২৪ মে শনিবার সাপ্তাহিক ছুটির দিন সকল সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। তাই ওই দুদিন অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা রাখতে নির্দেশক্রমে অনুরোধ করা হল।