ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু
তাদের মধ্যে তিনজন ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ভর্তি ছিলেন।
দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। এসময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১২৯৭ জন রোগী।
এতে এইডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২০ জনে। এ বছর হাসপাতালে ভর্তি হলেন ৬৫ হাজার ৭৬৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার যারা মারা গেছেন তাদের মধ্যে তিনজন ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায়, দুজন চট্টগ্রাম বিভাগে এবং একজন ঢাকা বিভাগের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
এদিন ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৪৩০ জন, ঢাকা বিভাগে ৩১৫ জন, ময়মনসিংহে ৩৩ জন, চট্টগ্রামে ১৮৫ জন, খুলনায় ১৭১ জন, রাজশাহী বিভাগে ৩৪ জন, রংপুর বিভাগে ৩৬ জন, বরিশাল বিভাগে ৮৯ জন এবং সিলেট বিভাগে ৪ জন রোগী ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, সোমবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৬১ হাজার ৩০৫ জন রোগী। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৪১৪৩ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ১৮৮৪ জন; আর ২২৫৯ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি।
এ বছর মোট ভর্তি রোগীদের মধ্যে ৩৮ হাজার ৪৩৪ জন ঢাকার বাইরের রোগী। ঢাকার দুই মহানগর এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭ হাজার ৩৩৪ জন।
এ বছর সবচেয়ে বেশি ৩০ হাজার ৮৭৯ জন রোগী ভর্তি হয়েছে অক্টোবর মাসে, মৃত্যু হয়েছে ১৩৪ জনের।
নভেম্বরের প্রথম তিন দিনে ৩৯৫১ জন রোগী ভর্তি হয়েছে, মৃত্যু হয়েছে ২৩ জনের।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।
আরও পড়ুন
