২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটের দিন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নয়, ইসির চিঠি

প্রথম ধাপে ১৫০ উপজেলায় ভোট হবে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2024, 12:03 AM

Updated : 26 Aug 2026, 09:31 AM

আগামী ৮ মে উপজেলা পরিষদের প্রথম ধাপের যে নির্বাচন হতে যাচ্ছে, সেদিন কোনো পরীক্ষা না রাখতে জাতীয় বিশ্ববিদ্যালয়কে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন।

এ সংক্রান্ত নির্দেশনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপসচিব আতিয়ার রহমান।

তিনি জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২ সালের অনার্স তৃতীয় বর্ষের (নিয়মিত, অনিয়মিত ও গ্রেড উন্নয়ন) পরীক্ষার তারিখ ৮ মে ঠিক করা হয়েছে। একইদিন ২০২২ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের পরীক্ষা আছে।

আতিয়ার রহমান বলেন, নির্বাচনের দিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যেমন ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে, তেমনই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ভোটের দায়িত্বে থাকবেন। 

একই দিনে ভোটগ্রহণ ও পরীক্ষা কার্যক্রম একসঙ্গে চালানো সম্ভব নয়। সে কারণে ৮ মে’র পরীক্ষা অন্য কোনো দিন নিতে বলেছে ইসি।

তফসিল অনুযায়ী, ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপে ১৫০ উপজেলায় ভোট হবে আগামী ৮মে। দ্বিতীয় ধাপে ১৬০ উপজেলায় ভোট হবে ২১ মে, তৃতীয় ধাপে ১১২ উপজেলায় ২৯ মে এবং চতুর্থ ধাপে ৫৫ উপজেলায় ৫ জুন ভোট হবে।