আন্দোলনে সংহতি: আমিরাতে আটক ২৬ প্রবাসীর মুক্তি দাবি এনসিপির
এদের মধ্যে কাউকে কাউকে পরে গ্রেপ্তার করা হয়।
জুলাই গণ অভ্যুত্থানে সমর্থন দেওয়ার কারণে সংযুক্ত আরব আমিরাতে এখনও আটক থাকা ২৬ জন প্রবাসী বাংলাদেশির মুক্তির দ্রুত উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
সোমবার রাজধানীর বাংলা মোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ দাবি জানানো হয়।
এতে বিদেশে আটক প্রবাসীদের দুর্দশা তুলে ধরেন এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের গ্লোবাল কো অর্ডিনেটর তারিক আদনান মুন।
এসময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহাবুব আলমসহ বন্দি প্রবাসীদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
আটকদের ছাড়িয়ে আনতে অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে লিখিত বক্তব্যে তারিক আদনান বলেন, “২৬ জন প্রবাসী বাংলাদেশি নাগরিক গত বছর জুলাইয়ে গণআন্দোলনের সময় সংহতি জানিয়ে শান্তিপূর্ণভাবে একটি কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন। তাদের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অপরাধের অভিযোগ নেই। তবুও তারা দীর্ঘ ৮/৯ মাস ধরে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন বন্দিশালায় আটক রয়েছেন।
”আমাদের কাছে অভিযোগ আছে যে, বাংলাদেশ দূতাবাসের সরবরাহ করা তথ্যের ভিত্তিতেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।”
অভিযোগের বিষয়ে দূতাবাসের ওয়েবসাইটে দেওয়া নাম্বারে ফোন করা হলেও কেউ ধরেননি।
সংবাদ সম্মেলনে সরবরাহ করা তালিকায় দেখা যায়, গ্রেপ্তার ২৬ জনের মধ্যে গত জানুয়ারি, মে ও এপ্রিল মাসেও অনেকে গ্রেপ্তার হয়েছেন। বাকি গ্রেপ্তারদের অধিকাংশই ২০২৪ সালের অক্টোবর ও নভেম্বর মাসের।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংহতি জানিয়ে আরব আমিরাতের বিভিন্ন স্থানে জড়ো হয়ে বিক্ষোভ মিছিলের অভিযোগে দুই শতাধিক বাংলাদেশি প্রবাসী গ্রেপ্তার হন। পরে বাংলাদেশে সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের অনুরোধে তাদের মধ্যে অনেককে ক্ষমা ঘোষণা করে দেশটির সরকার, যারা পড়ে কয়েক দফায় দেশে ফিরে আসেন।
সংবাদ সম্মেলনে এখনও আটক থাকা প্রাবাসীদের মুক্তির পদক্ষেপ নেওয়াসহ দুটি দাবি তুলে ধরা হয়।
>> অবিলম্বে আটকদের বিরুদ্ধে সব অভিযোগ প্রত্যাহার করতে হবে এবং একটি ’কনস্যুলার কমিউনিকেশন চ্যানেল’ স্থাপন করতে হবে।
>> দ্রুত সময়ের মধ্যে কূটনৈতিক ও আইনি উদ্যোগ নিয়ে ২৬ জন বন্দিকে মুক্ত করে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে।
সংবাদ সম্মেলনে আটক মো. সাকিল মিঞার ভাই রাসেল বলেন, “জুলাই আন্দোলনের সময় আমার ভাইসহ কয়েকজন বাংলাদেশি একটি প্ল্যাকার্ড ধরে অবস্থান নিয়েছিলেন। সেটার ভিডিও করা হয়েছিল। সেই ভিডিও আমিরাতের পুলিশের কাছে সংরক্ষিত আছে।
“গত ১১ জুলাই আমার ভাই দেশের ফেরার জন্য বিমানবন্দরে পৌঁছালে স্ক্যানারে ধরা পড়েন। পুলিশ ওই ভিডিও দেখিয়ে বলেন যে, আমার ভাই বিক্ষোভ করেছে তাই গ্রেপ্তার।”
