২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরার আওয়ামী লীগ নেতা নজরুল হত্যা মামলায় কারাগারে

বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সোমবার নজরুলকে গ্রেপ্তার করে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2026, 07:18 PM

Updated : 11 Sep 2026, 03:44 PM

জুলাই আন্দোলনের সময় কারওয়ান বাজারে এক শিক্ষার্থীকে হত্যার অভিযোগে করা মামলায় সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে।

সেইসঙ্গে তার রিমান্ড আবেদনের ওপর শুনানির জন্য বুধবার দিন ধার্য করা হয়েছে।

ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালত মঙ্গলবার এ আদেশ দিয়েছে বলে প্রসিকিউশন বিভাগের এসআই আরিফ রেজা জানিয়েছেন।

সোমবার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নজরুলকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এরপর তাকে জুলাই আন্দোলনের সময় কারওয়ান বাজারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী রমিজ উদ্দিন আহমেদ রূপ হত্যার মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

তার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা তেজগাঁও জোনাল টিমের ইন্সপেক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম। তবে মঙ্গলবার তিনি আদালতে না আসায় বুধবার রিমান্ডের ব্যাপারে শুনানির দিন রেখেছেন বিচারক।

মামলার বিবরণে বলা হয়, ২০২৪ সালের ৪ অগাস্ট ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্সের শিক্ষার্থী রমিজ উদ্দিন রূপ বন্ধুদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেন। সেদিন কারওয়ান বাজার মেট্রোরেল স্টেশনের কাছে আসামিদের ছোড়া গুলি রূপের ডান চোখে লাগে। তাকে মৃত ভেবে রক্তাক্ত অবস্থায় সড়কে ফেলে রাখা হয়।

পরে আন্দোলনরতরা তাকে কাঁঠাল বাগানের পদ্মা হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় রূপের বাবা এ কে এম রকিবুল আহম্মেদ তেজগাঁও থানায় মামলা করেন। সেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২২৩ জনকে আসামি করা হয়।