১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ভাটারায় বিড়াল খুঁজতে গিয়ে ছাদ থেকে পড়ে স্কুল শিক্ষিকার মৃত্যু

ছাদের কার্নিশে থাকা বিড়াল উদ্ধারে এগিয়ে গেলে তিনি নিচে পড়ে যান।

বিডিনিউজ২৪

জ্যেষ্ঠ প্রতিবেদক ও নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2026, 08:44 PM

Updated : 26 Aug 2026, 03:14 PM

রাজধানীর ভাটারায় বিড়াল খুঁজতে গিয়ে তিনতলা বাড়ির ছাদ থেকে পড়ে এক স্কুল শিক্ষিকার প্রাণ গেছে।

ভাটারার সাঈদনগরে বি ব্লকের একটি বাড়িতে সোমবার সকাল সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে বলে ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান জানিয়েছেন।

বন্যা ডি কস্তার (৩৬) গ্রামের বাড়ি নাটোরের বড়াইগ্রামের জোনাইলের আদগ্রামে। স্বামী শোভন পালমার সঙ্গে সাঈদনগরে বি ব্লকের তিন তলা বাড়ির দ্বিতীয় তলার একটি বাসায় থাকতেন। তারা নিঃসন্তান।

বন্যার স্বামীর বরাতে ভাটারা থানার এসআই কামরুজ্জামান বলেন, রোববার রাতে তাদের পোষা বিড়াল হারিয়ে যায়। তখন খুঁজে না পেয়ে সকালে আবার খুঁজতে বের হন বন্যা।

“তিনতলার ছাদে উঠে পাশের বাড়ির ছাদের কার্নিশে বিড়ালটিকে দেখতে পান। সেটিকে উদ্ধারে এগিয়ে গেলে তিনি নিচে পড়ে যান। পরে উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

ঘটনার প্রায় ঘণ্টাখানেক পর পুলিশ খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় বলে জানান পরিদর্শক মেহেদী।

এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হওয়ার তথ্য দিয়ে তিনি বলেন, তারা বিষয়টি তদন্ত করে দেখছেন।

বড়াইগ্রামের স্থানীয় সাংবাদিক অমর ডি কস্তা বলেন, বন্যার মরদেহ মঙ্গলবার সকালে জোনাইলে নিজ বাড়িতে নিয়ে দাফন করা হবে।