১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সেনা সদরের চিঠির ‘অপব্যাখ্যা’ করা হয়েছে: আইএসপিআর

“একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে সেনাবাহিনী ও পুলিশের মধ্যে ভুল বোঝাবুঝি ও অনাস্থা সৃষ্টির অপপ্রয়াস চালাচ্ছে।”

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2025, 04:25 PM

Updated : 26 Aug 2026, 01:22 PM

পুলিশের হাতে ‘সেনা সদস্য হেনস্তা সংক্রান্ত’ চিঠির অপব্যাখ্যা করা হয়েছে জানিয়ে ওই চিঠির কার্যক্রম বাতিল করার তথ্য দিয়েছে আইএসপিআর।

শনিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, “সম্প্রতি সেনা সদরের একটি প্রশাসনিক চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়েছে, যেখানে বিভিন্ন সময়ে বাংলাদেশ পুলিশের সঙ্গে সংঘটিত ঘটনাসমূহে সেনা সদস্যদের হেনস্তার শিকার হওয়ার কিছু অভিযোগ সম্বলিত একটি তালিকা আহ্বানের কথা উল্লেখ ছিল।

“এ বিষয়ে সুস্পষ্টভাবে জানানো যাচ্ছে যে, উক্ত চিঠিটি পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত বর্বরতম হত্যাযজ্ঞের বিষয়ে গঠিত ‘জাতীয় স্বাধীন তদন্ত কমিশন’ এর চাহিদার প্রেক্ষিতেই তথ্য প্রদানের উদ্দেশ্যে কেবলমাত্র প্রেরণ করা হয়েছিল। পরবর্তীতে, যেকোনো রকম ভুল ব্যাখ্যা বা অপ্রত্যাশিত প্রতিক্রিয়া পরিহারের স্বার্থে উক্ত চিঠির কার্যক্রম সেনা সদর কর্তৃক তাৎক্ষণিকভাবে বাতিল করা হয়।”

বিষয়টির ‘অপব্যাখ্যা করে’ একটি ‘স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে’ সেনাবাহিনী ও পুলিশের মধ্যে ‘ভুল বোঝাবুঝি ও অনাস্থা সৃষ্টির’ অপপ্রয়াস চালাচ্ছে বলে ভাষ্য আইএসপিআরের।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনাবাহিনী ও পুলিশ উভয়েই দেশের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় পারস্পরিক শ্রদ্ধা, সমন্বয় ও পেশাগত সৌহার্দ্যের ভিত্তিতে দীর্ঘদিন ধরে একযোগে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

এ বিষয়ে বিভ্রান্তিকর তথ্য প্রকাশ না করতে সবার প্রতি অনুরোধ জানিয়েছে আইএসপিআর।