১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইকরার ‘আত্মহত্যা’: আত্মসমর্পণ করে জামিন আবেদন যাহের আলভীর

এর আগে জামিন পান অভিনেতার মা নাসরিন সুলতানা।

ইকরার ‘আত্মহত্যা’: আত্মসমর্পণ করে জামিন আবেদন যাহের আলভীর
যাহের আলভী ও স্ত্রী আফরা ইভনাথ ইকরা

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2026, 01:44 PM

Updated : 11 Sep 2026, 03:26 PM

ঢাকার মিরপুরের বাসা থেকে স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধারের মামলায় আত্মসমর্পণ করে জামিন চেয়েছেন ছোট পর্দার অভিনেতা নিয়ামত উল্লাহ ভূঁইয়া ওরফে যাহের আলভী।

বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম কামাল উদ্দীনের আদালতে তার পক্ষে আইনজীবী শেখ রোবায়েত ইসলাম এ আবেদন করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদ জানান, দুপুরে এ আবেদনের বিষয়ে শুনানি হবে।

গত ২৮ ফেব্রুয়ারি মিরপুর ডিওএইচএসর বাসা থেকে আফরা ইভনাথ ইকরাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পরিবারের সদস্যরা। বাসার মালিকসহ স্বজনরা মিলে তাকে কুর্মিটোলা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট করাসহ বাসা থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে।

ঘটনার দিনই মামলা করেন ইকরার বাবা কবির হায়াত খান। দীর্ঘদিনের ‘পারিবারিক কলহ ও বিভিন্ন ধরনের নির্যাতনের কারণেই’ ইকরা আত্মহত্যা করতে ‘বাধ্য হয়েছেন’ বলে মামলায় অভিযোগ করেন তিনি।

যাহেরের আবেদনে বলা হয়, এ আসামি ঘটনার সঙ্গে কোনোভাবে জড়িত নয়। তার স্ত্রী আত্মহত্যা করে করে মারা গেছে। তাদের শিশু পুত্র সন্তান রয়েছে। আসামি পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি। 

বিনা শর্তে বা যেকোনো শর্তে জামিন চাওয়া হয়েছে।

এর আগে গত ৪ জুন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. সেফাতুল্লাহ'র আদালতে আত্মসমর্পণ করে জামিন পান যাহের আলভীর মা নাসরিন সুলতানা।

স্ত্রীর মৃত্যুর সময় বিদেশে থাকা যাহের আলভীর আইনজীবী উচ্চ আদালতে আর্জি জানান যে, তিনি দেশে ফিরলে যেন গ্রেপ্তার বা হেনস্তা না করা হয়। আদালত যাহের আলভীর পক্ষেই আদেশ দেন। এ আদেশের পর ৫ জুন দেশে ফেরেন যাহের আলভী।