ভ্রমণ বিষয়ক পুরস্কার পেল ৫ ব্যক্তি ও এক সাময়িকী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের হেড অব নিউজ ফটোগ্রাফি মুহাম্মদ মোস্তাফিজুর রহমান পেয়েছেন সাইদা খানম ভ্রমণ আলোকচিত্র পুরস্কার।
ভ্রমণ বিষয়ক সাহিত্য, আলোকচিত্র ও কনটেন্ট নির্মাণে অবদান রাখায় পুরস্কার পেয়েছেন পাঁচ ব্যক্তি। তাদের সঙ্গে একটি ভ্রমণ সাময়িকীকে দেওয়া হয়েছে ‘ভ্রমণে সৃজনশীলতার বিকাশ বিষয়ক পুরস্কার ২০২৫’।
পুরস্কার পাওয়া পাঁচজনের মধ্যে রয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের হেড অব নিউজ ফটোগ্রাফি মুহাম্মদ মোস্তাফিজুর রহমান। তিনি পেয়েছেন সাইদা খানম ভ্রমণ আলোকচিত্র পুরস্কার।
অন্যদের মধ্যে সৈয়দ মুজতবা আলী ভ্রমণ সাহিত্য পুরস্কার পেয়েছেন মাহফুজুর রহমান; রামনাথ বিশ্বাস অ্যাডভেঞ্চার ট্রাভেল পুরস্কার পেয়েছেন মুনতাসির মামুন; বেস্ট ক্রিয়েটিভ আর্ট ডিরেক্টরের পুরস্কার পেয়েছেন আনিসুজ্জামান সোহেল; সেরা ভ্রমণ সাহিত্য পত্রিকা পুরস্কার পেয়েছে মাহমুদ হাফিজ সম্পাদিত ‘ভ্রমণগদ্য’ এবং সেরা ভ্রমণবিষয়ক কনটেন্ট ক্রিয়েটরের পুরস্কার পেয়েছেন সালাহউদ্দীন সুমন।
শনিবার রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে এ পুরস্কার দেয় বাংলাদেশ ট্রাভেল রাইটার্স অ্যাসোসিয়েশন।
‘পর্যটন বিচিত্রা’ এর সম্পাদক ও বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক মহিউদ্দিন হেলালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উন্মাদ সম্পাদক আহসান হাবীব, ভোক্তা অধিকার অ্যাসোসিয়েশনের সভাপতি এ এইচ এম শফিকুজ্জামান, গণমাধ্যম ব্যক্তিত্ব খ ম হারুন।
স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম শোভন। সংগঠনের কার্যনির্বাহী সদস্য ফুয়াদ বিন ওমর ও শাকিল বিন মোস্তাকের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আশরাফুজ্জামান উজ্জ্বলের ভিডিও বার্তা প্রচার করা হয়।
প্রতি দুই বছর পর বাংলাদেশ ট্রাভেল রাইটার্স অ্যাসোসিয়েশন এ পুরস্কার দিয়ে থাকে বলে অনুষ্ঠানে জানানো হয়।
