২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোটা আন্দোলনকারীদের মধ্যে বিভক্তি, নির্যাতনের অভিযোগ নাহিদের

রোববার আপিল বিভাগের রায়ে কোটা বাতিলের প্রজ্ঞাপন বহাল করার পরও দুপক্ষ ভিন্ন অবস্থানে আছে। এক পক্ষ বলছে, তাদের কর্মসূচি চলবে, আরেক পক্ষ বলছে শাটডাউন নেই।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2024, 04:15 PM

Updated : 26 Aug 2026, 10:06 AM

সরকারি চাকরিতে কোটা নিয়ে আন্দোলনের নেতৃত্বে দেওয়া ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের’ সমন্বয়কদের মধ্যে বিভক্তি দেখা দিয়েছে। 

গোয়েন্দা পরিচয়ে সমন্বয়কদের একজনকে উঠিয়ে নিয়ে নির্যাতনের অভিযোগও এসেছে, তবে পুলিশ বলছে, এ ধরনের কোনো তথ্য তাদের কাছে নেই। 

আন্দোলন ঘিরে সহিংসতায় ব্যাপক ধ্বংসযজ্ঞের মধ্যে গত শুক্রবার থেকে নেতাদের মধ্যে বিভক্তি দেখা দেয়। রোববার আপিল বিভাগের রায়ে হাই কোর্টের আদেশ বাতিল করে ৭ শতাংশ কোটার নতুন বিন্যাস ঠিক করে দিলেও দুপক্ষ ভিন্ন অবস্থানে আছে।

এক পক্ষ রায়কে ‘ইতিবাচক’ হিসাবে বর্ণনা করে ‘কমপ্লিট শাটডাউনের’ সঙ্গে নিজেদের সম্পৃক্ততা না থাকার কথা বলেছে। অন্যপক্ষ বলছে, নয় দফা দাবিতে তাদের শাটডাউন কর্মসূচি চলবে।

এই কর্মসূচি চলার মধ্যে ব্যাপক সহিংসতা ও গুলিতে প্রাণহানির মধ্যে সরকারের তরফে আলোচনায় বসার আহ্বান আসে। তবে এতে রাজি হয়নি আন্দোলনকারীরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ও আব্দুল কাদের বলেন, সারাদেশে ‘ছাত্র হত্যার’ পর আন্দোলন আর কোটা সংস্কারে ‘সীমাবদ্ধ নেই’।

শুক্রবার রাত ১০টার দিকে নতুন করে প্রধানমন্ত্রীর ‘প্রকাশ্যে ক্ষমা চাওয়া’, দুই মন্ত্রীর পদত্যাগসহ ৯ দফা দাবি দিয়ে শাটডাউন চালিয়ে যাওয়ার কথা বলেন আব্দুল কাদের।

তবে সেদিনই রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তিন মন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন আন্দোলনকারীদের তিন নেতা। সেখানে ৮ দফা দাবি তুলে ধরেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ ও সহসমন্বয়ক হাসিব আল ইসলাম। 

বৈঠকে সরকারের তরফে আইনমন্ত্রী আনিসুল হক, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত উপস্থিত ছিলেন।

পরদিন ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক সারজিস আলম বলেন, “এই আন্দোলনের অনেকগুলো ঘটনা ঘটেছে। আমাদের অসংখ্য ভাইকে হত্যা করা হয়েছে।

“শহীদ ভাইদের বিচারিক প্রক্রিয়া ও হত্যায় জড়িতদের রিবুদ্ধে দৃশ্যমান শাস্তির বিষয়ে যতক্ষণ না উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়া হচ্ছে, যতক্ষণ না আমাদের ৮ দফার বিষয়ে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে, ততক্ষণ আমাদের আন্দোলন চলমান থাকবে। ৮ দফার বিষয়ে দৃশ্যমান পদক্ষেপ বা অগ্রগতি দেখলে আমরা আন্দোলন থেকে সরে যাব।”

অন্য সমন্বয়কদের সঙ্গে বিরোধের বিষয়ে তিনি বলেন, “আব্দুল কাদের কয়েকজনের সঙ্গে কথা বলে ৯ দফা দাবি দিয়েছে। কিন্তু আমাদের সমন্বিত সিদ্ধান্ত হল ৮ দফা।”

ওইদিন অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের বলেন, “আমাদের কয়েকজন সমন্বয়ককে সরকারি বাহিনী হেফাজতে নিয়ে তাদের দিয়ে মনগড়া বক্তব্য তৈরি তা প্রচার করছে। আমাদের পূর্বঘোষিত নয় দফা দাবি বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত কমপ্লিট শাটডাউন অব্যাহত থাকবে।”

রোববার আপিল বিভাগের রায়ের প্রতিক্রিয়ায় সারজিস আলম বলেন, “এই মুহূর্তে আমাদের কোনো প্রতিক্রিয়া নেই। এই রায় শুধু সরকারি চাকরি প্রথম ও দ্বিতীয় শ্রেণির জন্য। আমরা চাই সরকারি চাকরিতে সব গ্রেডে সংস্কার।

“মহামান্য আদালতও বলেছেন, এটা সরকারের নীতিগত বিষয়। সরকার চাইলে কোটার পরিমাণ বাড়াতেও পারে, কমাতেও পারে। সেজন্য আমরা সরকারের নীতিগত বিষয়ের দিকে তাকিয়ে আছি।”

তবে, আগে ঘোষিত ৯ দফা বাতি শাটডাউন চালিয়ে যাওয়ার কথা গণমাধ্যমকে পাঠানো এসএমএসে বলেন সমন্বয়ক আব্দুল কাদের।

৮ দফা বনাম ৯ দফা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুইপক্ষ দুই ধরনের দাবি নিয়ে মাঠে আছে। দুয়েকটি দাবিতে মিল থাকলেও অনেকগুলো বিপরীতমুখী।

৮ দফায় যা আছে–

>> তদন্ত সাপেক্ষে আইনশৃঙ্খলা বাহিনীসহ হত্যাকাণ্ডে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করতে হবে।

>> তাদেরকে গ্রেপ্তার করে দ্রুত বিচার করতে হবে।

>> নিহতদের পরিবারকে আর্থিক সহযোগিতা, মাসিক ভাতা এবং পিতা-মাতার মতামতের ভিত্তিতে পরিবারের একজনকে চাকরি দিতে হবে।

>> তদন্ত সাপেক্ষে সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের বিচারের আওতায় আনতে হবে।

>> বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে প্রশাসনিকভাবে সিট বরাদ্দ, সন্ত্রাসী কার্যক্রম বন্ধ এবং ছাত্র সংসদ চালু করতে হবে।

>> আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা সব মামলা প্রত্যাহার করতে হবে।

>> আন্দোলনকারীদের শিক্ষার্থীদের প্রশাসনিক ও অ্যাকাডেমিক হয়রানি না করার নিশ্চয়তা দিতে হবে।

>> সরকারি চাকরিতে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লেখিত অনগ্রসর জাতিগোষ্ঠীর জন্য ন্যূনতম মাত্রা ৫ শতাংশে এনে সংসদে আইন পাস করতে হবে।

৯ দফা দাবিতে যা আছে–

>> প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘ছাত্র হত্যার’ দায় নিয়ে জাতির কাছে প্রকাশ্যে ‘ক্ষমা’ চাইতে হবে।

>> আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ‘অবৈধ উপায়ে’ ব্যবহার করে ছাত্র হত্যা করার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে মন্ত্রিপরিষদ এবং দল থেকে পদত্যাগ করতে হবে।

>> ঢাকাসহ যত জায়গায় ছাত্র নিহত হয়েছে, সেখানকার ডিআইজি, পুলিশ কমিশনার ও পুলিশ সুপারদের চাকরি থেকে বরখাস্ত করতে হবে।

>> ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরকে পদত্যাগ করতে হবে।

>> যে পুলিশ সদস্যরা গুলি করেছে, ছাত্রলীগ-যুবলীগসহ ‘যে সকল সন্ত্রাসীরা’ শিক্ষার্থীদের ওপর নৃশংস হামলা পরিচালনার নির্দেশ দিয়েছে, তাদেরকে আটক করে এবং হত্যা মামলা করে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার দেখাতে হবে।

>> দেশব্যাপী যে সব শিক্ষার্থী ও নাগরিক নিহত ও আহত হয়েছেন, তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে।

>> ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহজী বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগ নামক ‘সন্ত্রাসী সংগঠন’সহ দলীয় লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে ছাত্র সংসদকে কার্যকর করতে হবে।

>>অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান ও হল খুলে দিতে হবে।

>> যে সব ছাত্র কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণ করেছেন, তাদের কোনো ধরনের অ্যাকাডেমিক ও প্রশাসনিক হয়রানি না করার নিশ্চয়তা দিতে হবে।

তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ

কোটা সংস্কার আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে শুক্রবার গভীররাতে খিলগাঁও এলাকা থেকে সাদা পোশাকধারীরা তুলে নেওয়ার অভিযোগ করে তার পরিবার।

তাদের ভাষ্য, পরদিন শনিবার মিন্টু ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়, মালিবাগে সিআইডি কার্যালয় এবং খিলগাঁও থানায় গিয়ে তারা নাহিদের সন্ধান পাননি। 

ওইদিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহসহ কয়েকজন নাহিদের পরিবারের সঙ্গে ওই তিন এলাকায় যান।

পরে রোববার ভোরে ‘মুক্ত’ হওয়ার কথা তুলে ধরে ‘শারীরিক ও মানসিক নির্যাতনের’ অভিযোগ করেন নাহিদ। বর্তমানে তিনি গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন।

আঘাতের কারণে দুই কাঁধ ও বাম পায়ে রক্ত জমাট বেঁধে গেছে জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করা নাহিদ বলেন, “গত ২০ জুলাই রাত ২টা থেকে ৩টা নাগাদ আমাকে নন্দীপাড়া (সবুজবাগ থানা) আমার এক বন্ধুর বাসার গেট ভেঙে ডিবি পুলিশ পরিচয়ে আমাকে তুলে নিয়ে যায়। বাসার নিচে পুলিশ বা বিজিবির গাড়িসহ ৩/৪টি গাড়ি দেখেছিলাম। 

“আমাকে একটি প্রাইভেট কার বা মাইক্রোতে ওঠানো হয়। গাড়িতে উঠিয়ে ৩/৪ স্তরের কাপড় দিয়ে চোখ বেঁধে দেওয়া হয় এবং হ্যান্ডকাফ পরানো হয়।”

কিছু সময় পর গাড়ি থেকে নামিয়ে একটি বাড়ির রুমে নেওয়া হয় বলে নাহিদের ভাষ্য। তিনি বলেন, “আমাকে কিছু জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরবর্তীতে আমার উপর মানসিক ও শারীরিক টর্চার শুরু করা হয়। এক পর্যায়ে আমি অজ্ঞান হয়ে যাই। এরপর আমার কোনো স্মৃতি নাই।”

২১ জুলাই ভোর ৪/৫টায় নিজেকে পূর্বাচল এলাকায় আবিষ্কার করার কথা তুলে ধরে তিনি বলেন, “পরে আলো ফুটলে কিছুদূর হেঁটে একটি সিএনজি নিয়ে বাসায় চলে আসি। 

“এ সময়ের মধ্যে আমার পরিবার ডিবি অফিস, সিআইডি অফিসে ও বিভিন্ন থানায় গিয়ে আমার সন্ধান করেছিলেন, কিন্তু আমাকে উঠিয়ে নেওয়ার ব্যাপারে কেউ স্বীকারোক্তি দেয় নাই।”

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম) খ. মুহিদ উদ্দিন বলেন, কোটো আন্দোলনকারীদের কোনো নেতাকে তুলে নিয়ে নির্যাতন করার কোনো তথ্য তার কাছে নেই। 

যা ঘটেছে

২০১৮ সালে সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে কোটা বাতিল করে জারি করা পরিপত্র হাই কোর্ট অবৈধ ঘোষণার প্রতিক্রিয়ায় শিক্ষার্থীরা জুলাইয়ের শুরুতে আন্দোলন শুরু করে। 

এর মধ্যে ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘাত এবং পরের দিন ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতায় ৬ জনের মৃত্যুর পর আরও উত্তপ্ত হয়ে উঠে পরিস্থিতি। ১৮ জুলাই সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ নামে কর্মসূচি আসে। 

তার আগেই বন্ধ ঘোষণা করা হয় সব বিশ্ববিদ্যালয়। আর শাটডাউনে মাঠে নামে বেসরকারি বিশ্ববিদ্যালয় ও স্কুল কলেজের শিক্ষার্থীরাও।

রাজধানীর বাড্ডা, উত্তরা ও ধানমন্ডি এলাকায় গুলিতে বেশ কয়েকজন শিক্ষার্থীর মৃত্যুর খবর আসে। গোটা দেশে নানা গুজব ছড়িয়ে পড়ে, এর মধ্যে বিভিন্ন এলাকায় রাষ্ট্রীয় সম্পত্তিতে হামলা শুরু হয়।

রামপুরায় বিটিভি ভবন, বনানীতে সেতু ভবন, মহাখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা ভবন ও স্বাস্থ্য অধিদপ্তরে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়। বিদ্যুৎকেন্দ্রের সাব স্টেশন, মেট্রোরেলের দুটি স্টেশনেও ভাঙচুর হয়।

সেদিন থেকেই ঢাকার উত্তরার পথে পথে, ধানমন্ডির শংকর ও সোবহানবাগ এলাকা, মোহাম্মদপুর ও বসিলা, মিরপুর এলাকায় গোলাগুলির খবর আসে। 

ঢাকার বাইরে নরসিংদী কারাগারে হামলা করে ফটক ভেঙে ৮৫টি অস্ত্র লুট করা হয়। সন্দেহভাজন ৯ জঙ্গিসহ পালিয়ে যান আট শতাধিক বন্দি। এসব অস্ত্রের মধ্যে ২০টি পরে উদ্ধার হয়, গুলি উদ্ধার হয়েছে এক হাজারের কিছু বেশি।

মোহাম্মদপুর, রামপুরা, বাড্ডা ও যাত্রাবাড়ী, কদমতলী এলাকা পাঁচদিন ধরে ছিল অচলপ্রায়। পুলিশ, বিজিবির সঙ্গে সংঘাতে ব্যাপকভাবে আগ্নেয়াস্ত্র ব্যবহারের তথ্য আসে। 

১৯ জুলাই রাত ১২টা থেকে কারফিউ জারি হয়। এর তিন দিন পর নিয়ন্ত্রণে আসে যাত্রাবাড়ী ও রামপুরা-বাড্ডা এলাকা।

টানা পাঁচ দিনের সহিংসতায় সারা দেশে প্রাণ হারায় দেড় শতাধিক মানুষ; এদের একটি ব্ড় অংশই মারা গেছে যাত্রাবাড়ী এলাকার সংঘাতে।