মোহাম্মদপুরের বাসায় স্কুলছাত্রের ঝুলন্ত লাশ
স্বজনরা বলছেন, পরিবারের সঙ্গে ‘অভিমান করে’ লাবিব হাসান নামের ওই কিশোর ‘আত্মহত্যা’ করেছে।
রাজধানীর মোহাম্মদপুরের এক বাসা থেকে দশম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।
স্বজনরা বলছেন, পরিবারের সঙ্গে ‘অভিমান করে’ লাবিব হাসান নামের ওই কিশোর ‘আত্মহত্যা’ করেছে।
১৬ বছর বয়সী লাবিব মোহাম্মদপুর গভর্নমেন্ট স্কুল অ্যান্ড কলেজে পড়ত। সোমবার দুপুরে আজিজ মহল্লার বাসায় নিজের ঘরে তাকে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় পায় স্বজনরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লাবিবের বাবা সরোয়ার হোসেন বলছেন, তার ছেলেটি ‘জেদি প্রকৃতির’ ছিল।
“কিছুদিন ধরেই পড়ালেখায় তার মন ছিল না, বাইরে খারাপ সঙ্গীদের পাল্লায় পড়েছিল। এসব নিয়ে দুপুরে ওর মা (লাভলী বেগম) বকাঝকা করেছিল। লাবিব নিজের ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেয়।
“পরে অনেকক্ষণ ডাকাডাকি করলেও সাড়া দিচ্ছিল না। তখন দরজা ভেঙে গলায় ওড়না দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।”
সরোয়ার হোসেন জানান, লাবিবকে নামিয়ে প্রথমে ধানমণ্ডির একটি হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লাবিবের মা লাভলী বলেন, সকালে কোচিং থেকে দেরি করে ফেরার পর তাকে বকাঝকা করেছিলেন। এরপরই ঘরে ঢুকে দরজা আটকে দেয় ছেলেটি।
ময়নাতদন্তের জন্য লাবিবের লাশ মার্গে রাখা হয়েছে জানিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, সংশ্লিষ্ট থানা এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিচ্ছে।
লাবিবদের গ্রামের বাড়ি শরীয়তপুরের গোসাইরহাটে। তার বাবা পপুলার হাসপাতালে চাকরি করেন। এক ভাই ও এক বোনের মধ্যে লাবিব ছিল বড়।
