ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া?
চৈত্রের এ সময়টায় উত্তর ও উত্তর-পশ্চিম থেকে বয়ে আসা বাতাসের প্রভাবে কালবৈশাখীর অনুকূল পরিস্থিতি তৈরি হয়।
বৃহস্পতিবার চাঁদ উঠলে শুক্রবার, না হলে শনিবার বাংলাদেশে ঈদ। আর এ দুই দিনই দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বুধবার থেকে রোববার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বিছিন্নভাবে বৃষ্টির সম্ভাবনা আছে। সে অনুযায়ী ঈদের দিনেও দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টি, ঝড়ো হাওয়াসহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি বা শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।"
চৈত্রের এ সময়টায় উত্তর ও উত্তর-পশ্চিম থেকে বয়ে আসা বাতাসের প্রভাবে কালবৈশাখীর অনুকূল পরিস্থিতি তৈরি হয়। সে কারণে ঈদের সময়ও বিভিন্ন স্থানে বাগড়া দিতে পারে বৃষ্টি।
শাহনাজ সুলতানা বলেন, শুক্রবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকাবা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎচমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
শনিবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎজমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বুধবার সন্ধ্যায় এক ঝলক ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টি হয়ে গেছে ঢাকা ও আশপাশের এলাকায়। বৃহস্পতিবারও দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টি, ঝড়ো হাওয়াসহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি বা শিলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎচমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিন সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
ঈদের পর আগামী রোববারও দেশের বিভিন্ন স্থানে বিছিন্নভাবে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সেদিন রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎচমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
গত ২৪ ঘণ্টায় রাঙ্গামাটি ও ফেনীতে দেশের সর্বোচ্চ ৩৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
