২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

যেসব দেশ তাকিয়ে থাকে, স্থানীয় নির্বাচনগুলো দেখুক: প্রধানমন্ত্রী

"প্রমাণ হয়েছে, আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচন স্বচ্ছ হয়।"

যেসব দেশ তাকিয়ে থাকে, স্থানীয় নির্বাচনগুলো দেখুক: প্রধানমন্ত্রী

গণভবনে বৃহস্পতিবার আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2023, 01:30 PM

Updated : 22 Jun 2023, 01:30 PM

যেসব দেশ বাংলাদেশের নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে, তাদের স্থানীয় সরকারের সাম্প্রতিক নির্বাচন ও সংসদীয় উপনির্বাচনগুলো দেখার পরামর্শ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসব নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার কোনো অবকাশ নেই মন্তব্য করে তিনি বলেছেন, "প্রমাণ হয়েছে, আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচন স্বচ্ছ হয়।"

বৃহস্পতিবার গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় সূচনা বক্তব্য দিচ্ছিলেন দলের সভাপতি শেখ হাসিনা, সেখানেই নির্বাচন প্রসঙ্গ আসে।

আগের দিন বুধবার রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনের নির্বাচন হয় শান্তিপূর্ণভাবে। তার আগে ১২ জুন বরিশাল ও খুলনা এবং ২৫ মে গাজীপুর সিটির ভোট হয়, ওই তিন সিটিতেও বড় কোনো গোলযোগ ঘটেনি। গাজীপুর বাদে বাকি চার সিটিতেই আওয়ামী লীগের প্রার্থীরা মেয়র পদে বিজয়ী হয়েছেন।

পুরনো খবর:

বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রত্যাশা ‘স্পষ্ট করেছে’ যুক্তরাষ্ট্র: কিরবি
সিটি নির্বাচনে ইসির অস্বস্তিমাখা স্বস্তি
মার্কিন ভিসা নীতি কি বাংলাদেশে দুই দলের দূরত্ব ঘোচাবে?

গত দুটি জাতীয় নির্বাচনের প্রসঙ্গ ধরে বাংলাদেশের আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের পরিবেশ নিয়ে উদ্বেগ জানিয়ে আসছে বিভিন্ন পশ্চিমা দেশ।

এর মধ্যে যুক্তরাষ্ট্র গত মে মাসে নতুন ভিসা নীতি ঘোষণা করে বলেছে,বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িত ব্যক্তিদের ভিসা দেবে না মার্কিন সরকার।

সে প্রসঙ্গ ধরে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় শেখ হাসিনা বলেন, “যে সকল দেশ আমাদের নির্বাচনের দিকে শ্যেন দৃষ্টিতে তাকিয়ে আছেন, তাদেরকেও বলব, আমাদের যে স্থানীয় সরকার নির্বাচন বা আমাদের যে উপনির্বাচনগুলো হল, সেই নির্বাচনগুলো দেখেন, কীভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। এরপর আবার কেন প্রশ্ন ওঠে?”

আওয়ামী লীগ সভাপতি বলেন, “বরিশাল, রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আমরা জয়লাভ করেছি। কক্সবাজার মেয়র নির্বাচনসহ বিভিন্ন নির্বাচন... এই নির্বাচন নিয়ে কেউ কোনো কথা, কোনো অভিযোগ করতে পারবে না।

"আজকে যারা নির্বাচন নিয়ে প্রশ্ন তোলে, তাদের বলব, আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচন যাতে স্বচ্ছ হয়, নির্বাচনে মানুষ যাতে ভোট দিতে পারে, সেই ব্যবস্থা যে আমরা করতে পারি, সেটা কিন্তু আমরা প্রমাণ করেছি। কাজেই এটা নিয়ে আর কারো কোনো প্রশ্ন তোলার অবকাশ নেই।"

প্রধানমন্ত্রী বলেন, "আওয়ামী লীগের ভোট চুরি করা লাগে না। আওয়ামী লীগ এমনি ভোট পায়। যখনই মানুষ স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, তারা আওয়ামী লীগকে ভোট দিয়েছে। আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে, মানবাধিকারী বিশ্বাস করে।"

বিএনপি আমলের নির্বাচনের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, "বিএনপি আমলে নির্বাচন মানে কি ছিল? প্রত্যেকটা উপ নির্বাচন মানে ছিল - আমরা যে বলতাম দশটা হুন্ডা, ২০টা গুণ্ডা, নির্বাচন ঠাণ্ডা।

"ভোট ডাকাতি করেই তাদের (বিএনপি) জন্ম, ভোট ডাকাতি করাই তাদের অভ্যাস। আমরা জনগণের ভোটের অধিকার জনগণের হাতে ফিরিয়ে দিয়েছি।"