নারী সহকর্মীর সঙ্গে অসদাচরণ: ‘তিরস্কারের লঘুদণ্ড’ ইউএনওকে
তদন্তে ইউএনও অমিত চক্রবর্তীর বিরুদ্ধে অশোভন আচরণের অভিযোগ প্রমাণ হয়েছে বলে প্রজ্ঞাপনে বলা হয়।
অধীনস্ত সহকারী কমিশনারের (ভূমি) সঙ্গে অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় একজন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) ‘তিরস্কার’ সূচক লঘুদণ্ড দিয়েছে সরকার।
বর্তমানে কুড়িগ্রামের রাজিবপুরে কর্মরত ইউএনও অমিত চক্রবর্তীর বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে সোমবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় কর্মরত থাকার সময় সেখানকার সহকারী কমিশনারের (ভূমি) সঙ্গে বিভিন্ন ধরনের অশোভন ও অসদারচরণ করেন অমিত।
প্রজ্ঞাপনে বলা হয়, “বর্তমানে উপজেলা নির্বাহী অফিসার, চররাজিবপুর, কুড়িগ্রাম এর বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮-এর ৩(খ) বিধি অনুযায়ী ‘অসদাচরণ’ এর অভিযোগে উপযুক্ত তথ্যাদি পর্যালোচনায় অভিযোগসমূহ প্রমাণিত হওয়ায় আনীত অভিযোগের মাত্রা ও প্রাসঙ্গিক সকল বিষয় বিবেচনায় তাকে একই বিধিমালার ৪(২) (ক) বিধি অনুযায়ী ‘তিরস্কার’ সূচক লঘুদণ্ড প্রদান করা হল।”
অমিতের বিরুদ্ধে ফেইসবুক মেসেঞ্জারে অশোভন কথোপকথন, ওই নারী কর্মকর্তার স্বামী যেন বদলি হয়ে নীলফামারী জেলায় না আসেন, তার সন্তান যেন রংপুরে থাকে এবং তিনি স্টেশনে থেকে চাকরি করেন- এমন সব বিষয়ে চাপ প্রয়োগ করেন।
এছাড়া অনিচ্ছা সত্ত্বেও বডি স্প্রে কিনে দেওয়া, রেস্তোরাঁয় নিয়ে গিয়ে কুরুচিপূর্ণ ও অশালীন কথাবার্তা বলা, ফোন দিয়ে ভারসাম্যহীন ও অসঙ্গতিপূর্ণ কথা বলা, রাত ৮টা থেকে ৯টার সময় কোনো কাজ না থাকলেও অফিসে বসিয়ে রাখা, মাস্ক পরে ইউএনও এর সামনে বসতে নিষেধ করা এবং বন্ধের দিনে ফোন ওয়েটিংয়ে থাকা নিয়ে চাপ প্রয়োগ করার মত শিষ্টাচার বহির্ভূত আচরণের অভিযোগ করা হয়েছিল।
এরপর ইউএনও অমিতের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের প্রেক্ষাপটে তদন্তের পর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
তদন্ত প্রতিবেদনের বরাত দিয়ে প্রজ্ঞাপনে বলা হয়, “সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩(খ) বিধি অনুযায়ী ‘অসদাচরণ’ সংঘটনের অভিযোগে রুজুকৃত বিভাগীয় মামলার অভিযোগনামায় বর্ণিত ‘অসদাচরণ’ এর পর্যায়ভুক্ত অভিযোগসমূহের মধ্যে ‘ফেইসবুক মেসেঞ্জারে অশোভনীয় কথোপকথন বা চ্যাটিং করা এবং তার অনিচ্ছা সত্ত্বেও তাকে বডি স্প্রে কিনে’ দেওয়ার মাধ্যমে অভিযুক্ত কর্মকর্তা কর্তৃক অসদাচরণ সংঘটনের অভিযোগ প্রমাণিত হয়েছে।”
তদন্ত কমিটিকে দেওয়া বক্তব্যে অমিত অশোভন আচরণের অভিযোগ অস্বীকার করেছিলেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
৩৩তম বিসিএসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা অমিত ২০২১ সালের ২৫ জুলাই থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত নীলফামারীর কিশোরগঞ্জের ইউএনও ছিলেন।
