১৮ অক্টোবর ২০২৬, ০৩ কার্তিক ১৪৩৩

মুক্তিযোদ্ধা ও চিত্রশিল্পী সাঈদা কামাল আর নেই

মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তাকে 'সর্বাধিনায়কের বিশেষ প্রশংসাপত্র' প্রদান করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 18 Oct 2026, 03:07 PM

Updated : 18 Oct 2026, 03:07 PM

বীর মুক্তিযোদ্ধা ও চিত্রশিল্পী শিক্ষার্থী সাঈদা কামাল টুলু মারা গেছেন।

রোববার সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান, তার বয়স হয়েছিল ৭৪ বছর।

সাঈদা কামাল ছিলেন প্রখ্যাত কবি সুফিয়া কামালের ছোট মেয়ে এবং মানবাধিকার কর্মী সুলতানা কামালের ছোট বোন। পরিবারে সাঈদা কামাল এক মেয়ে রেখে গেছেন।

সুলতানা কামাল জানিয়েছেন, তার বোন দীর্ঘদিন ধরে বার্ধক্যের নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছিলেন। কিছুদিন আগে শারীরিক অবস্থার অবনতি হলে সাঈদা কামালকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। সেখান থেকে আর তাকে ফেরানো গেল না।

জানাজা ও দাফন নিয়ে সুলতানা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, মঙ্গলবার জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে সাঈদা কামালকে।

"লন্ডন থাকা একমাত্র মেয়ে দেশে ফিরলে শেষ বিদায়ের কার্যক্রম সম্পন্ন করা হবে। তার আগে মরদেহ বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হবে।"

চলতি বছরের ৪ জুলাই সাঈদা কামালের বড় ভাই সাংবাদিক ও শিক্ষক শাহেদ কামাল মারা যান।

সৃজনশীল শিল্পকর্মের মাধ্যমে দেশের চারুশিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন সাঈদা কামাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে উচ্চশিক্ষা নেওয়ার পর তিনি ভারতের শান্তিনিকেতনের কলাভবন থেকে নকশা বিষয়ে বিশেষ প্রশিক্ষণ নেন।

দেশে ও বিদেশে তার বেশ কিছু একক ও যৌথ চিত্রপ্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় সাঈদা কামাল তার বড় বোন সুলতানা কামালের সঙ্গে রণাঙ্গনে বাংলাদেশ ফিল্ড হাসপাতালে সেবিকার দায়িত্ব পালন করেন।

মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তাকে 'সর্বাধিনায়কের বিশেষ প্রশংসাপত্র' প্রদান করা হয়।

পুরনো খবর:

ছায়ানটে সুফিয়া কামালকে স্মরণ