Published : 20 Jun 2026, 10:54 PM
জন্মবার্ষিকীতে গান, স্মৃতিকথা আর শ্রদ্ধায় কবি সুফিয়া কামালের জন্মবার্ষিকী উদযাপন করেছে ছায়ানট।
শনিবার সন্ধ্যা ৭টায় ছায়ানট সংস্কৃতি-ভবনের রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনায়তনে এ উপলক্ষে অনুষ্ঠান আয়োজন করা হয়।
সুফিয়া কামালের পারিবারিক স্মৃতি ও জীবনের নানা দিক নিয়ে মেয়ে সাঈদা কামাল অনুষ্ঠানে বলেন, “মা বাইরে যতখানি কঠিন ছিলেন, ভেতরে ছিলেন একেবারে একজন অসাধারণ গৃহী মানুষ, যার ছিল সংসারের প্রতি প্রবল ভালোবাসা।
“সন্তান, প্রতিবেশী থেকে শুরু করে ছোট পোষা বিড়ালটা, সবাইকে ভালোবাসতে তিনি কখনো কার্পণ্য করেননি।”
সাঈদা কামালের কথার পর কবি কাজী নজরুল ইসলামের গান পরিবেশন করেন ছায়ানটের সাধারণ সম্পাদক ও শিল্পী খায়রুল আনাম শাকিল। অনুষ্ঠানে রবীন্দ্রসংগীত গেয়ে শোনান শিল্পী ইফফাত আরা দেওয়ান।

অনুষ্ঠানের সভাপতি ছায়ানটের সভাপতি সারওয়ার আলী কবি সুফিয়া কামালের জীবনসংগ্রাম, সাংস্কৃতিক নেতৃত্ব এবং স্বাধীন বাংলাদেশের ইতিহাসে তার অবদানের কথা স্মরণ করেন।
তিনি বলেন, “বাংলাদেশের জন্ম ইতিহাসের প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে সুফিয়া কামালের প্রবল উপস্থিতি ছিল। ভাষা আন্দোলন, সাম্প্রদায়িকতাবিরোধী সংগ্রাম, রবীন্দ্রসংগীত নিষিদ্ধের প্রতিবাদ কিংবা মুক্তিযুদ্ধ- প্রতিটি ক্ষেত্রে তিনি ছিলেন সামনের সারির মানুষ। জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সমঅধিকারের যে স্বপ্ন তিনি দেখেছিলেন, সেই স্বপ্ন ব্যাহত হলেই তিনি প্রতিবাদে সোচ্চার হয়েছেন।”
সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান।