২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘জুলাই গণহত্যা স্মৃতি ফাউন্ডেশন’ হচ্ছে

সাধারণ মানুষ এবং বিদেশে অবস্থানরতদের এই প্রতিষ্ঠানে অনুদান পাঠানোর অনুরোধ জানিয়েছেন তিনি।

‘জুলাই গণহত্যা স্মৃতি ফাউন্ডেশন’ হচ্ছে
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2024, 09:13 PM

Updated : 26 Aug 2026, 10:20 AM

ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের স্মৃতি ধরে রাখতে এবং আহত শিক্ষার্থী ও সাধারণ মানুষের চিকিৎসার ব্যয় বহনে ‘জুলাই গণহত্যা স্মৃতি ফাউন্ডেশন’ গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

রোববার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেছেন, “ন্যায়বিচার নিশ্চিত করতে গণ-অভ্যুথানে শহীদের পরিবারকে পুনর্বাসন করা হবে। সকল আহত শিক্ষার্থী ও জনতার চিকিৎসার সম্পূর্ণ ব্যয় সরকার বহন করবে।”

সে লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে উপদেষ্টা পরিষদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিত্বকারী দুজন উপদেষ্টার সহায়তায় একটি পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা হচ্ছে বলে জানান তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, “এই কার্যক্রমের জন্য এবং গণ-অভ্যুত্থানের শহীদদের স্মৃতি ধরে রাখতে সরকার অতি দ্রুত ‘জুলাই গণহত্যা স্মৃতি ফাউন্ডেশন’ নামে একটি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করার প্রক্রিয়া শেষ পর্যায়ে এনেছে।”

সাধারণ মানুষ এবং বিদেশে অবস্থানরতদের অনুদান এই প্রতিষ্ঠানে পাঠানোর জন্য অনুরোধ করেন তিনি। 

মুহাম্মদ ইউনূস জানান, তিনি ‘ব্যক্তিগতভাবে’ এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান পদের দায়িত্ব নিয়েছেন। 

জুলাই ও অগাস্ট মাসে গণ-অভ্যুথানে বল প্রয়োগ ও হতাহতের ঘটনার স্বচ্ছ তদন্ত নিশ্চিত করতে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধানকে বাংলাদেশে এসে তাদের তদন্ত শুরু করতে আমন্ত্রণ জানায় অন্তর্বর্তীকালীন সরকার।  

“তদন্তের এই প্রক্রিয়া এ সপ্তাহেই শুরু হবে। তাদের প্রথম দল ইতোমধ্যে এসে গেছে।”

ছাত্র আন্দোলনের সময় দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক অধিকাংশ মামলা প্রত্যাহার করার কথা জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান বলেন, “আটক ছাত্র-জনতার মুক্তিলাভের ব্যবস্থা করেছি আমরা। পর্যায়ক্রমে মিথ্যা ও গায়েবী সকল মামলার ক্ষেত্রে অনুরূপ ব্যবস্থা গ্রহণ করে মানুষকে দুঃসহ ভোগান্তি থেকে মুক্ত করা হবে।”