Published : 09 Dec 2024, 08:40 PM
প্রবীণ সাংবাদিক ও কবি এরশাদ মজুমদার মারা গেছেন।
রোববার রাত পৌনে ১১টায় গুলশানের ইউনাইটেড হাসপাতালে তার মৃত্যু হয় বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
তার বয়স হয়েছিল ৮৪। ডায়াবেটিস ও হার্টের সমস্যাসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি।
তার মৃত্যুতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভুঁইয়া শোক জানিয়েছেন।
এরশাদ মজুমদার পাকিস্তান আমলে পাকিস্তান অবজারভার, দৈনিক সংবাদ, দৈনিক পূর্বদেশ, দৈনিক বাংলার বানী, দৈনিক জনপদ পত্রিকায় কাজ করেছেন। সাপ্তাহিক রিপোর্টার ও দৈনিক ফসলের সম্পাদক ও ব্যবস্থাপনা সম্পাদক হিসেবেও কাজ করেন। ১৯৯৮ সালে সাংবাদিকতা পেশায় ইতি টানেন।
তার জন্ম ১৯৪০ সালের ৮ মার্চ ফেনীর উকিলপাড়ার মজুমদার বাড়িতে। ফেনী কলেজ, জগন্নাথ কলেজ ও ঢাকা কলেজের পড়ালেখা করেন। ১৯৬১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন।
সাংবাদিকতার পাশাপাশি গল্প, উপন্যাস ও কবিতা-ছড়াসহ ১৪টি বই লিখেছেন।
প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে মায়ের চিঠি, কবিতার বই, ছড়ার বই, উপন্যাস নায়িকা, অনুবাদ নিজেকে বিবস্ত্র করে, কালো কবিদের কবিতা, ডিমের খোসায় পথচলা, আত্মার শব্দাবলী, ঢাকার ৫শ’ বছর, তুর্কি কবিতার অনুবাদ, ৪৮ নম্বর তোপখানা রোড, উপন্যাস নর-নারী ও রমণী, কৃষ্ণকথা, স্মৃতিকথা পিতা পুত্রকে।