পাল্টে গেল ‘শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের’ নাম
১১ অগাস্ট অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এই ইনস্টিটিউটের নাম পরিবর্তনের কথা বলেছিলেন।
সাভারের ‘শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের’ নাম পরিবর্তন করা হয়েছে। এখন থেকে এর নাম হবে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট।
রোববার আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ বিষয়ে একটি অধ্যাদেশ জারি করেছে, যা মঙ্গলবার মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরীর স্বাক্ষরে গেজেট আকারে প্রকাশ করা হয়েছে।
এতে বলা হয়েছে, ২০১৮ সালের ১৪ নম্বর আইনের ধারা ১ সংশোধন করা হয়েছে। উল্লিখিত ‘শেখ হাসিনা’ শব্দটি বিলুপ্ত হবে। আইনে অন্যান্য যেসব জায়গায় ‘শেখ হাসিনা’ শব্দটি রয়েছে তাও বিলুপ্ত করার কথা বলা হয়েছে গেজেটে।
এছাড়া “এই অধ্যাদেশ প্রবর্তনের সঙ্গে সঙ্গে এ আইনের অধীনে ইতোপূর্বে প্রণীত কোনও বিধি বা প্রবিধান, ইস্যুকৃত কোনও আদেশ বা বিজ্ঞপ্তি বা সম্পাদিত যেকোনও দলিলে শেখ হাসিনা শব্দ থাকলে তা বিলুপ্ত হবে” বলেও উল্লেখ করা হয়েছে।
২০১৮ সালে আওয়ামী লীগ সরকার আইন পাসের মাধ্যমে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট প্রতিষ্ঠা করে।
গণ আন্দোলনের মুখে গত ৫ অগাস্ট শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান। এরপর গত ৮ অগাস্ট নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়।
গত ২২ আগস্ট প্রধান উপদেষ্টার কার্যালয় ও বাসভবন যমুনায় অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এই আইনটির সংশোধনী অনুমোদন হয়।
এর আগে ১১ অগাস্ট অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের নাম পরিবর্তনের কথা জানান।
সেদিন সাংবাদিকদের তিনি বলেন, “যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট আছে। আমরা এটার নাম পরিবর্তন করতে চাই। যেহেতু বাংলাদেশের একটা ধ্বংসযজ্ঞের সঙ্গে শেখ হাসিনার নাম জড়িত আছে এবং হাজার-সহস্র ছাত্র–জনতা মারা গিয়েছে। আমরা মনে করি, তিনি এর সঙ্গে সরাসরি যুক্ত।
“সে জায়গা থেকে এটা শুধু আমাদের মন্ত্রণালয়ে নয়, প্রতিটি স্থানেই এটা করা হবে। শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট নামটা পরিবর্তন করে আমরা বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট করছি।”
