ঢাকা মেডিকেলের মর্গে স্বজনদের কান্না
“আমার কুনো নাম নাই, মাইনষে আমারে জিসানের মা কইতো। এহন আমার পোলায় তো আর নাই, আমিও নাই,” বলছিলেন এক মা।
তিন দিন ধরে কাঁদতে কাঁদতে চোখের পানিও শুকিয়ে গেছে আবুল হোসেনের। চার বছরের ছেলে আহাদের লাশ অ্যাম্বুলেন্সে রাখতে রাখতে নিচু স্বরে বিলাপ করছিলেন, ডাকছিলেন সৃষ্টিকর্তাকে।
আবুল হাসান চাকরি করেন সরকারে রাজস্ব বিভাগে। যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকায় তার বাসা। কোটা সংস্কার আন্দোলন সহিংস রূপ পাওয়ার পর গত বৃহস্পতিবার থেকে ওই এলাকা পরিণত হয় রণক্ষেত্রে।
শুক্রবার বাবা-মায়ের সঙ্গে আটতলার ছাদে দাঁড়িয়ে থাকা অবস্থায় গুলিবিদ্ধ হয় আহাদ। পরে স্বজনেরা মিলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
গত কয়েক দিনের সংঘাতে ঢাকায় নিহতদের মধ্যে অনেকের লাশ রাখা হয়েছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। ময়নাতদন্ত শেষে রোববার থেকে সেসব লাশ স্বজনদের কাছে হস্তান্তর শুরু হয়। লাশের গন্ধের মধ্যে স্বজনদের কান্নার শব্দে ভারি হয়ে ওঠে মর্গের পরিবেশ।
কোটা সংস্কার আন্দোলনের মধ্যে বৃহস্পতিবার সকাল থেকে ঢাকাসহ বিভিন্ন স্থানে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে। সেদিন দুপুরের পর থেকে বিভিন্ন সরকারি স্থাপনা লক্ষ্য করে শুরু হয় হামলা-ভাংচুর-অগ্নিসংযোগ।
সরকারের তরফ থেকে বলা হচ্ছে, শিক্ষার্থীদের আন্দোলনের সুযোগ নিয়ে ‘তৃতীয় পক্ষ’ এসব নাশকতা চালিয়েছে, যাদের লক্ষ্য ছিল সরকারে পতন ঘটানো।
বৃহস্পতিবারের পর শুক্রবারও দিনভর সহিংসতা চলে। ঢাকায় যাত্রাবাড়ী, মোহাম্মদপুর, রামপুরা, মহাখালী ও উত্তরার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আহত বহু মানুষ রাজধানীর হাসপাতালগুলোতে ভিড় করে।
বৃহস্পতি, শুক্র, শনি ও রবিবার সংঘাতের মধ্যে ৭০ জনের লাশের তথ্য ঢাকা মেডিকেলে নথিভুক্ত হয়েছে। তাদের কেউ আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে অনেকের লাশ বিনা ময়নাতদন্তে ছেড়ে দেওয়া হয়েছে।
আবুল হোসেনের মত অনেকেই মর্গে এসেছিলেন তাদের প্রিয়জনের লাশ নিতে। তাদের কেউ কেউ সাংবাদিকদের সঙ্গে কথা বলতে চাননি। কেউ আবার বলেছেন, তাদের স্বজন আন্দোলনে বা সংঘাতে ছিল না। জরুরি প্রয়োজনে বা জীবিকার তাগিদে বাইরে বেরিয়ে গুলিতে তাদের প্রাণ গেছে।
৩০ বছর বয়সী প্রকৌশলী তৌফিকুল ইসলাম শুক্রবার বাড্ডা এলাকায় গুলিবিদ্ধ হন। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ২১ জুলাই সকালে তার মৃত্যু হয়।
তার ভাই জানালেন, এক সন্তানের বাবা তৌফিকুল পেডরোলো পাম্প কোম্পানির জ্যেষ্ঠ প্রকৌশলী ছিলেন; তার গ্রামের বাড়ি রংপুরে। ঢাকায় পীরেরবাগ এলাকায় তিনি থাকতেন।
ঠিক কী ঘটেছিল জানতে চাইলে তৌফিকুলের একজন সহকর্মী বলেন, “আমরা মিডিয়ার সঙ্গে কোনো কথা বলব না। এভাবে কোনো মানুষ মরতে পারে না। আমরা বলতে গেলে পরে হিতে বিপরীত হবে। আমরা কিছু বলব না।”
দশ বছরের হোসাইনের বাবা মানিক মিয়া আর মা মালেকা বেগম মর্গের সামনে বসে বিলাপ করছিলেন। মানিক মিয়া ফুটপাতে আচার বিক্রি করেন। আর মালেকা গার্মেন্টস কারখানায় কাজ করেন। শুক্রবার দুপুরের পর বাসা থেকে বের হয়ে পেটে গুলিবিদ্ধ হয় হোসাইন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির মা মালেকা বলছিলেন, “আমি দুপুরে পুতেরে ভাত খাওয়াইয়া, প্যান্ট-গেঞ্জি পরাইয়া দিছি। কিছুক্ষণ পর ও বাসা থিকা বাইর হইল। এরপর বিকালে আর বিচরায়া পাই না। মাইনষে মোবাইলে ছবি দেখাইয়া কয় এইটা কী আপনেগো পুত, তাইলে ঢাকা মেডিকেলে যান। আইসা দেখি পুতে আমার মইরা গ্যাছে গা।”
২৫ বছরের জিসান ভ্যানে করে অফিসে-বাড়িতে পানি সরবরাহ করতেন। শনিবার পানির গাড়ি নিয়ে বের হওয়ার পর রায়েরবাগ এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। রোববার ঢাকা মেডিকেলের মর্গের পাশে গাছতলায় বসে বিলাপ করছিলেন তার মা।
কাছে গিয়ে নাম জানতে চাইলে বললেন, “আমার কুনো নাম নাই, মাইনষে আমারে জিসানের মা কইতো। এহন আমার পোলায় তো আর নাই, আমিও নাই।”
এক ছেলে ও দুই মেয়ের জননী ‘জিসানের মা’ বলেন, “শনিবার জিসান ভ্যান নিয়া পানি আনতে গেছিল। তারপর উপ্রে থিকা চোখে গুলি লাগছে। জায়গাতেই চোখ খুইলা পড়ছে, পরে লোকজন ঢাকা মেডিকেলে আনছে। বাঁচে নাই।”
জিসানের মায়ের মত আরো অনেকে বসে ছিলেন লাশের অপেক্ষায়। ভয়-আতঙ্কে পরিবারের সদস্যরা নিজেদের এমনকী নিহত ব্যক্তির পরিচয়ও দিতে চাইছিলেন না। কেউ আবার ক্ষোভ প্রকাশ করছিলেন গণমাধ্যমকর্মীদের ওপর; তারা কথা বলতে চাইছিলেন না।
তোফাজ্জল হোসেন বসে ছিলেন তার তরুণ সন্তান রাজীব হোসেনের লাশের জন্য। রাজীব অটোরিকশা চালাতেন। মাঝে মাঝে থানার গাড়িও চালাতেন। শুক্রবার রাত ৮টার দিকে বাসার সামনে থেকে দাঙ্গাকারীরা তাকে ধরে নিয়ে পিটিয়ে হত্যা করে বলে অভিযোগ তোফাজ্জল হোসেনের।
তিনি বলেন, “শুক্রবার রাতে এশার সময় বাইর হইছে। ওইখান থিকাই ওরে টার্গেট কইরা ধইরা নিয়া পিডায়া মারছে।”
তোফাজ্জলের অভিযোগ, দাঙ্গাকারীরা ‘পুলিশের সহযোগী হিসেবে টার্গেট করে’ রাজীবকে ধরে নিয়ে হত্যা করেছে।
পুলিশের এসআই ময়নাল হোসেন ভুঁইয়ার ছেলে ইমাম হাসান তাঈম শনিবার গুলিবিদ্ধ হয়ে মারা যায় যাত্রাবাড়ী এলাকায়। ১৮ বছর বয়সী তাঈম নারায়ণগঞ্জের একটি বেসরকারি কলেজে পড়ত। রোববার তার লাশ নিতে পুলিশের একটি ট্রাক নিয়ে মর্গে আসেন এসআই ময়নাল।
লাশ ট্রাকে তোলার পর তিনি আরেকবার দেখতে যান, লাশটা তার ছেলের কি না। নিচ থেকে ময়নালের স্ত্রী বারবার বলছিলেন, “আমার বাবার গায়ে চেকের শার্ট আছিল। শার্টটা দেখলে তুমি চিনবা। ওরে আমার বাবারে।”
বেসরকারি চাকরিজীবী ইউসুফ আলী খালাতো ভাইকে নিয়ে ডাক্তার দেখাতে বের হয়েছিলেন। খালাসহ শনির আখড়া এলাকায় রিকশায় ওঠার পরপরই গুলিবিদ্ধ হন তিনি।
তার বোন বিউটি কাঁদতে কাঁদতে বলছিলেন, “আমার ভাইয়ের মাইয়াডারে আমি কী কমু? আমি তারে কইছিলাম বাবায় ফির্যা আইব। ওর বাবায় তো আর আইল না।”
কবি নজরুল কলেজের ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ওমর ফারুকের গায়ে তিনটি গুলি লেগেছে বলে জানালেন তার মামা আনোয়ার হোসেন। তবে ওমর ফারুক কোনো আন্দোলনে যাননি বলে তার ভাষ্য।
ওমর ফারুক বলেন, “শুক্রবার নামাজ শেষে লক্ষ্মীবাজার এলাকায় বন্ধুর বাসায় যাওয়ার সময় ও গুলিবিদ্ধ হয়ে মারা যায়। ওর বাবা আব্দুল খালেক দুবাই থাকেন, তিনি এখনো আসতে পারেননি।”
ঢাকা মেডিকেল কলেজের মর্গের রেজিস্ট্রারের তথ্য অনুযায়ী, সোমবার পর্যন্ত সংঘাতে মারা যাওয়া ৭০টি লাশের ময়নাতদন্ত হয়েছে সেখানে।
