২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জানুয়ারিতে শৈত্যপ্রবাহ দফায় দফায়, মাসজুড়েই থাকবে শীত

গত বছরের তুলনায় এবারের জানুয়ারিতে শীত বেশি থাকার সম্ভাবনার কথা বলছেন আবহাওয়াবিদ আবুল কালাম।

জানুয়ারিতে শৈত্যপ্রবাহ দফায় দফায়, মাসজুড়েই থাকবে শীত
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2024, 11:57 AM

Updated : 10 Sep 2026, 12:27 PM

নতুন বছরের প্রথম মাসেই কয়েক দফায় শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ফলে গেল কয়েকবারের তুলনায় জানুয়ারিজুড়ে শীত বেশি পড়বে বলে আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন।

মঙ্গলবার মল্লিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জানুয়ারিতে একটি থেকে তিনটি মৃদু থেকে মাঝারি এবং একটি থেকে দুইটি তীব্র শৈত্যপ্রবাহ থাকতে পারে। 

“আজ থেকে তাপমাত্রা কমে আসলেও রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, সিলেট বিভাগে ঠাণ্ডার অনুভূতি বাড়বে বুধবার থেকে।ধীরে ধীরে মধ্যাঞ্চল হয়ে দেশের পূর্বাঞ্চল পর্যন্ত এর বিস্তার হতে পারে।“

এই দফাতে দেশের পশ্চিমাঞ্চলে বিচ্ছিন্নভাবে শৈত্যপ্রবাহ থাকবে জানিয়ে মল্লিক বলেছেন, প্রাথমিকভাবে এটা শুক্রবার পর্যন্ত থাকতে পারে।“

আগামী কয়েকদিন কুয়াশার ব্যাপ্তিও বাড়ারও খবর দিয়েছেন আবহাওয়াবিদ মল্লিক।

তিনি বলেন, “উত্তরা হিমেল হাওয়ার প্রভাবও বাড়তে থাকবে। পুরো মাস জুড়েই শীতের অনুভূতি বেশি থাকবে।" 

বড় এলাকাজুড়ে সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ ধরা হয়; ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি এবং ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে সেটিকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়।

তেঁতুলিয়ায় সর্বনিম্ন ১০ দশমিক ৯ ডিগ্রি

মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন ১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়।

আর দেশের সর্বোচ্চ ৩০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় কক্সবাজার এবং চট্টগ্রামের সীতাকুণ্ডে।

আবহাওয়ার নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। 

এ সময় ঘন কুয়াশার কারণে শীতের অনুভূতি বাড়তে পারে। 

আর মধ্য রাত থেকে দুপুর পর্যন্ত দেশের উত্তরাঞ্চলে মাঝারি থেকে ঘন এবং দেশের অন্যান্য জায়গায় মধ্য রাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। 

ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীন নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে বলে বুলেটিনে বলা হয়েছে।