Published : 25 Jun 2026, 06:53 PM
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় প্রায় ৬ লাখ শিশুকে ক্যাপসুল খাওয়ানো হবে।
রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১ হাজার ৭৬০টি কেন্দ্রে একযোগে এই কার্যক্রম চলবে।
৬-১১ মাস বয়সি ১ লাখ ৩৫ হাজার ৬০৬ শিশুকে একটি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সি ৪ লাখ ৫৪ হাজার ৯৩২ শিশুকে একটি করে লাল রঙের উচ্চ ক্ষমতাসম্পন্ন ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
মাঠপর্যায়ে এই কর্মসূচি সফল করতে ৩ হাজার ৬৫৪ জন স্বেচ্ছাসেবক এবং ১৫০ জন সুপারভাইজার নিয়োজিত থাকবেন। ডিএসসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য তুলে ধরা হয়েছে।
ক্যাম্পেইন ঘিরে বৃহস্পতিবার নগর ভবন অডিটোরিয়ামে এক সভায় ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জাহানে ফেরদৌস বিনতে রহমান বলেন, ভিটামিন ‘এ’ শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, অন্ধত্ব প্রতিরোধ এবং শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ডিএনসিসিতেও ক্যাম্পেইন রোববার
ঢাকা দক্ষিণ সিটির মত উত্তর সিটি করপোরেশনেও (ডিএনসিসি) রোববার ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে শিশুদের।
ডিএনসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (২৫ জুন) ডিএনসিসির নগর ভবনে স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আয়োজিত এক অবহিতকরণ কর্মশালায় এ ঘোষণা দেওয়া হয়েছে।
ডিএনসিসির স্থায়ী ৫৪টি ও অস্থায়ী ১ হাজার ৮৫১টি কেন্দ্রে এই ক্যাম্পেইন পরিচালিত হবে। কর্মসূচি সফল করতে প্রতিটি কেন্দ্রে ২ জন করে মোট ৩ হাজার ৮১০ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন।
মাঠ পর্যায়ে কার্যক্রম তদারকির জন্য ১৮৩ জন প্রথম সারির সুপারভাইজার এবং ১০৩ জন দ্বিতীয় সারির সুপারভাইজার দায়িত্বে থাকবেন।
এ ছাড়া সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী, বস্তিবাসী, বাস টার্মিনাল ও ট্রেন স্টেশনে ডিএনসিসির পক্ষে থেকে চারটি অ্যাম্বুলেন্সের মাধ্যমে ক্যাম্পেইনের দিনসহ পরবর্তী চারদিন এ টিকা খাওয়ানো হবে। কর্মজীবী অভিভাবকদের সুবিধার্থে ক্যাম্পেইনের দিন এবং পরবর্তী চার দিন ডিএনসিসির স্থায়ী কেন্দ্রগুলোতে সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর সুযোগ থাকবে।