Published : 30 Sep 2025, 04:21 PM
তেজগাঁও থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলীর জামিন নাকচ করেছে আদালত।
তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম সাইফুজ্জামান এ আদেশ দেন।
বুবলীর পক্ষে আইনজীবী কায়েস আহমেদ অর্ণব জামিন চেয়ে শুনানি করেন।
তিনি বলেন, “মামলার ঘটনার সাথে এ আসামি জড়িত না। হয়রানি করতে তাকে মামলায় সম্পৃক্ত করা হয়েছে। আর তিনি সাবেক সংসদ সদস্য। গত জাতীয় সংসদে সংসদ সদস্য পদে ছিলেন না। এজাহারে তার নাম ছিল না। সন্ধিগ্ধ হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। গ্লোরিয়াস রাজনৈতিক ফ্যামিলি তাদের।”
বুবলী নরসিংদী পৌরসভার সাবেক মেয়র লোকমান হোসেনের স্ত্রী। তার এই পরিচয় তুলে ধরে আইনজীবী অর্ণব বলেন, “তার জামিনের প্রার্থনা করছি। জামিন দিলে তিনি পলাতক হবেন না।”
এরপর আদালত বুবলীর জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বলে জানিয়েছেন আইনজীবী অর্ণব।
এই মামলার তদন্ত কর্মকর্তা হলেন তেজগাঁও থানার এসআই আনোয়ার হোসেন খান।
বিশেষ অভিযানে সোমবার ভোরে রাজধানীর মোহাম্মদপুর থেকে বুবলীকে গ্রেপ্তারের করা হয়।
মামলার বিবরণীতে বলা হয়েছে, গত ২৪ সেপ্টেম্বর বেলা ১টার দিকে কার্যক্রমে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা ইংরেজি দৈনিক ডেইলি স্টারের ভবনের সামনে থেকে ফার্ম গেইটের আনন্দ সিনেমা হলের সামনে দিয়ে পান্থপথ অভিমুখে মিছিল নিয়ে অগ্রসর হয়।
“জনমনে ভীতি সৃষ্টি করার জন্য ককটেল বিস্ফোরণ ঘটায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালাচ্ছিল। এ অবস্থায় ২৫ জনকে আটক করে পুলিশ। তাদের কাছ থেকে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ব্যানার ও চারটি অবিস্ফোরিত ককটেল জব্দ করে পুলিশ।”
এ ঘটনায় পরদিন তেজগাঁও থানার এসআই মো. আব্দুল কাদের ২৫ জনকে আসামি করে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেন।