Published : 26 Dec 2025, 05:14 PM
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠান শেষ হওয়ার পর ঢাকার ৩০০ ফুট এলাকা থেকে ১৪৮ টন বর্জ্য সরানোর কথা জানিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
শুক্রবার ডিএনসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে ২০টি ট্রাকের মাধ্যমে মোট ১৪৮টি ট্রিপে এসব বর্জ্য ঢাকার আমিনবাজার ল্যান্ডফিলে ফেলা হয়।
এদিন দুপুরের মধ্যেই পুরো সমাবেশস্থল পরিষ্কার করে জনসাধারণের চলাচলের উপযোগী করে তোলা হয় বলেও দাবি ডিএনসিসির।
দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বৃহস্পতিবার ৩০০ ফুট এলাকায় সমাবেশ আয়োজন করে বিএনপি।
সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএনসিসি জানিয়েছে, প্রশাসক মোহাম্মদ এজাজের নির্দেশনা অনুযায়ী শুক্রবার সকাল থেকে সমাবেশস্থলের বর্জ্য সরাতে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়। এ কার্যক্রমে ডিএনসিসির ৩৫০ জন পরিচ্ছন্নতাকর্মী অংশগ্রহণ করেন।
সকাল ১০টা থেকে বিএনপির স্থানীয় কিছু নেতাকর্মীও স্বেচ্ছায় পরিচ্ছন্নতা কাজে সহযোগিতা করেন বলে জানানো হয় ডিএনসিসির পক্ষ থেকে।
মোহাম্মদ এজাজ বলেন, “সকাল থেকে এই শীতের মধ্যে আমাদের পরিচ্ছন্নতাকর্মীরা এবং বিএনপির যেসব নেতাকর্মী পরিচ্ছন্নতা কাজে অংশ নিয়েছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। সবার সম্মিলিত অংশগ্রহণে আমরা এই শহরকে পরিচ্ছন্ন রাখতে পারব।
“যেকোনো উৎসব বা বড় জনসমাগমের পর নগর প্রশাসনের সঙ্গে সাধারণ মানুষ ও রাজনৈতিক কর্মীরা যদি শহর পরিচ্ছন্নতার কাজে যুক্ত হন, তাহলে আমাদের শহরকে আরও বাসযোগ্য করে গড়ে তোলা এবং নাগরিক সেবা দেওয়া অনেক সহজ হবে।”